মিলানই তাঁর সুখের ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল যাঁকে টার্গেট করে তাঁকে দলে নিয়েই ছাড়ে। দলবদলের বাজারের অতিপ্রতিষ্ঠিত এই কথাটি এখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ক্ষেত্রেও খাটে। জেরম বোয়াটেং, ডেভিড সিলভা, ইয়াইয়া তোরে, আলেক্সান্দার কোলারভ—৮ কোটি পাউন্ড খরচায় এই চার তারকাকে দলভুক্ত করে এবারের দলবদলের বাজার আগে থেকেই গরম রেখেছে ম্যান সিটি। তার পরও কোচ রবার্তো মানচিনি জানিয়ে রেখেছিলেন, ইন্টার মিলানের মারিও বালোতেল্লিকে তাঁর চাই।একটু সময় লাগল বটে; তবে পছন্দের খেলোয়াড় বালোতেল্লির সঙ্গে চুক্তিটা সেরেই ফেললেন মানচিনি। গত শুক্রবার শেষ হয়ে গেল অনেক দিনের গুঞ্জনের। ২ কোটি ৪০ লাখ পাউন্ড (২ কোটি ৯০ লাখ ইউরো) ট্রান্সফার ফিতে ইন্টার মিলানের বালোতেল্লি পাঁচ বছরের জন্য হয়ে গেলেন ম্যান সিটির। ২০ বছর বয়সী বালোতেল্লির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে ম্যান সিটির সাকল্যে খরচ হলো ১০ কোটি পাউন্ড।ইন্টার সমর্থকেরা যখন বালোতেল্লিকে হারানোর দুঃখে কাতর, মিলানের আরেক ক্লাব এসি মিলান সমর্থকেরা তখন আনন্দে হাসছে। দলবদলের গুঞ্জনে জল ঢেলে রোনালদিনহো যে জানিয়ে দিয়েছেন এসি মিলানই তাঁর সুখের ঠিকানা। ইতালিয়ান ক্রীড়া দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্তকে তিনি বলেছেন, ‘এখানেই খেলব আমি।’ বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, মিলান ছেড়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে চলে যাচ্ছেন রোনালদিনহো। রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো ডি অ্যাসিসের বক্তব্যে সেই গুঞ্জন আরও বাতাস পেয়েছিল।দলবদলের বাজারে ঘটেছে আরও কিছু ঘটনা। পর্তুগিজ ক্লাব বেনফিকার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেসের সঙ্গে ২ কোটি ইউরোতে চার বছরের চুক্তি সেরে ফেলেছে চেলসি। জুভেন্টাসের প্লে-মেকার ডিয়েগোর সঙ্গেও আলোচনা চূড়ান্ত করে ফেলেছে জার্মান ক্লাব ভলফস্বুর্গ। রামিরেসের সঙ্গে চুক্তি হলেও চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেইমার। ব্রাজিলের তরুণ তারকা বলে দিয়েছেন, সান্তোসেই থাকতে চান তিনি। জার্মানির বিশ্বকাপ তারকা মেসুত ওজিলের রিয়ালে আসার বিষয়টি ঝুলে গেছে। কারণ রিয়ালের প্রস্তাবটি ‘অগ্রহণযোগ্য’ বলে ফিরিয়ে দিয়েছে জার্মান ক্লাব ভের্ডার ব্রেমেন।ওদিকে আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাচেরানো লিভারপুল ছেড়ে ইন্টার মিলানে যেতে চাইলেও দুই ক্লাবের মধ্যে এখনো সমঝোতা হয়নি। ওদিকে মাচেরানোর বিকল্প ডেনমার্কের ক্রিস্টিয়ান পলসেনকে দলে টেনেছে লিভারপুল। তবে এই ঝুলন্ত অবস্থায় মাচেরানোকেও দলে রেখে দিতে চাইছেন লিভারপুল কোচ রয় হজসন। এএফপি।