মিলানকে পেয়ে খুশি বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোনাকোতে ড্র শেষ হওয়ার পর পরই অনেকের মনের পর্দায় ১৯৯৪ সালের ফাইনালটির ছবি ভেসে উঠেছিল হয়তো। খেলোয়াড় হিসেবে এক দফা বার্সেলোনাকে রাঙিয়ে দেওয়ার পর কোচ হিসেবেও দুর্দান্ত করছিলেন ইয়োহান ক্রুইফ। ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা চারবার লিগ জিতেছিল বার্সা। ১৯৯২ সালে জিতেছিল তখনকার ইউরোপিয়ান কাপও। দ্বিতীয় ইউরোপ-সেরার ট্রফিটাও দেখতে পাচ্ছিল স্প্যানিশ ক্লাবটি। কিন্তু বার্সার স্বপ্নকে একেবারে দুমড়েমুচড়ে দিয়ে ১৯৯৪-এ এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামের ফাইনালে এসি মিলান জিতল ৪-০ গোলে!সেই মিলানকেই এবার গ্রুপ পর্বে পেয়েছে বর্তমান সময়ে অনেকের চোখেই অন্য গ্রহের ফুটবল খেলতে থাকা বার্সা। সাতবারের চ্যাম্পিয়ন মিলান আর চারবারের চ্যাম্পিয়ন বার্সা পড়েছে ‘এইচ’ গ্রুপে। ১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনেই ন্যু ক্যাম্পে মিলানের মুখোমুখি হয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে পেপ গার্দিওলার দল।বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পড়েছে ‘সৌভাগ্যের গ্রুপ’ ডি-তে। গতবার এই ‘ডি’ গ্রুপে পড়েই চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। দেখা যাক, রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়ালের ইউরোপ-সেরার ট্রফি জেতার অপেক্ষা দশম বছরে এসে শেষ হয় কি না। সর্বশেষ ২০০১-০২ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া রিয়ালের গ্রুপে পড়েছে লিওঁ, আয়াক্স ও ডায়নামো জাগরেব। গতবারের রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড ‘সি’ গ্রুপে সঙ্গী হিসেবে পেয়েছে বেনফিকা, বাসেল আর গালাতিকে।তবে সবচেয়ে কঠিন গ্রুপ বলা হচ্ছে ‘এ’ গ্রুপটাকে। এই গ্রুপের চারটি দলই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। চারবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে এই গ্রুপে পড়েছে ভিয়ারিয়াল, ম্যানচেস্টার সিটি ও নাপোলি। ম্যারাডোনার জামাই আগুয়েরোর দল ১৪ সেপ্টেম্বর ম্যারাডোনারই সাবেক ক্লাব নাপোলির মাঠে খেলে যাত্রা শুরু করবে।তবে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে সবার নজর থাকবে বার্সা-মিলান ম্যাচটিতেই। বার্সার টেকনিক্যাল ডিরেক্টর আন্দোনি জুবিজারেতাও বলেছেন, ‘ওদের সঙ্গে আমরা এতবার খেলেছি বলে মিলানকে আমরা ভালোভাবেই চিনি। এই গ্রুপটা কঠিন গ্রুপই হয়েছে। ন্যু ক্যাম্পে ফিরে আসা জ্লাতান ইব্রাহিমোভিচও উপভোগ করতে চাইবে। ও আমাদের দেখিয়ে দিতে চাইবে, আমরা কোন সম্পদটি হারিয়েছি। তবে গ্রুপের বাকি দুটো দলকেও কিন্তু খাটো করে দেখার উপায় নেই। ওই দুটো দল সম্পর্কে আমরা কিছুই জানি না। আর এই না জানাটাই সবচেয়ে বড় ভয়ের।’ যে দুটো দল সম্পর্কে জুবিজারেতার এই সতর্কতা, সেই দুটো দল হলো বাতে বরিসভ, ভিক্টোরিয়া প্লাজেন। ১৯৬৮ সালে পর্তুগালের বেনফিকাকে হারিয়ে প্রথম ইউরোপিয়ান কাপ জিতেছিল ম্যানইউ। সেই বেনফিকার সঙ্গেই এবার এক গ্রুপে পড়েছে অ্যালেক্স ফার্গুসনের দল। গ্রুপটি সম্পর্কে স্যার ফার্গির সৎ মূল্যায়ন, ‘এটা খুবই কৌতূহলজনক একটা ড্র। তবে এবার ভ্রমণ-জটিলতায় আমাদের পড়তে হবে না। আমরা এই গ্রুপে খেলার জন্য মুখিয়ে আছি। বেনফিকার সঙ্গে আগেও খেলেছি আমরা। সবগুলো ম্যাচই ছিল দুর্দান্ত। দুই দলের ইতিহাসও অনেক সমৃদ্ধ।’তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান ‘বি’ গ্রুপে পেয়েছে সিএসকেএ মস্কো, লিলে আর তুরস্কের ত্রাবজনস্পরকে। চেলসিকে প্রথম ইউরোপ-সেরার ট্রফি এনে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামা ভিলাস-বোয়াসকে ‘ই’ গ্রুপ পর্বে মুখোমুখি হতে হবে ভ্যালেন্সিয়া, বায়ার লেভারকুসেন আর বেলজিয়ামের ক্লাব গেঙ্কের। এফ গ্রুপে আর্সেনাল পড়েছে অলিম্পিক মার্শেই, অলিম্পিয়াকোস আর বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। জি গ্রুপে পোর্তোর সঙ্গে আছে শাখতার দোনেৎস্ক, জেনিত ও অ্যাপোয়েল নিকোশিয়া। রয়টার্স, এএফপি।