মিলানে চলছে রোনালদিনহো-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ থেকে ২০০৬-এর বিশ্বকাপের আগ পর্যন্ত রোনালদিনহোর পারফরম্যান্স দেখে অনেকেই বলেছেন—এ ভিনগ্রহের মানুষ, খেলে ভিনগ্রহের ফুটবল। রোনালদিনহো আবার ভিনগ্রহের সেই ফুটবল খেলতে পারবেন কি না কে জানে! তবে এ মৌসুমে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন এই ব্রাজিলিয়ান প্লে-মেকার। পরশু সিয়েনার বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে হ্যাটট্রিক করেই রাখলেন এর নিদর্শন। তাঁর হ্যাটট্রিকে সিয়েনাকে ৪-০ গোলে হারিয়েছে মিলান।জানুয়ারি মাসটা অন্যরকম এক মাহাত্ম্য নিয়েই এসেছে মিলান এবং রোনালদিনহোর জন্য। এ মাসে সিরি ‘আ’তে তিনটি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জয় তো পেয়েছেই, ৩ ম্যাচে করেছে তারা ১২ গোল। এর অর্ধেকই আবার রোনালদিনহোর। আর সিয়েনার বিপক্ষে হ্যাটট্রিকটি সিরি ‘আ’তে তাঁর প্রথম।সবার নিচে থাকা সিয়েনাকে পরশু শুরু থেকেই চেপে ধরে মিলান। ১২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন রোনালদিনহো। ২৮ মিনিটে দ্বিতীয় গোলটি বরিয়েল্লোর। তবে তৃতীয় গোল এসেছে অনেক পরে, ৭২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলের পর রোনালদিনহো হ্যাটট্রিক পূর্ণ করেন ৮৯ মিনিটে।এই জয় মিলানকে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের আরও কাছে নিয়ে গেছে। ২০ ম্যাচ শেষে শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৪৬। এক ম্যাচ কম খেলা এসি মিলানের ৪০। শিয়েভোর কাছে পরশু ০-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। তৃতীয় স্থানটি তাই এখন এএস রোমার। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট ফ্রান্সেসকো টট্টির দলের।পয়েন্ট তালিকায় মিলানের অবস্থান সুসংহত করার সঙ্গে এই ম্যাচ দিয়েছে আরও কিছু। হ্যাটট্রিকে মুখের হাসি চওড়া হয়েছে রোনালদিনহোর। তাঁর সঙ্গে হাসছে ব্রাজিল ও এসি মিলান শিবির।২০০৪ থেকে ২০০৬-এর বিশ্বকাপের আগে পর্যন্ত রোনালদিনহো অসাধারণ পারফরম্যান্স করে বার্সেলোনাকে জিতিয়েছিলেন দুটি স্প্যানিশ লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ। এর পুরস্কারস্বরূপ নিজে জেতেন ২০০৪ ও ২০০৫-এর ফিফা বর্ষসেরা এবং ২০০৫ সালে ইউরোপ-সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।এসব আর ফিরে না পেলেও রোনালদিনহো ফর্মটা ফিরে পেলে ব্রাজিলের বিশ্বকাপ দলটি যেমন পরিপূর্ণ হয়, তেমনি ভালো হয় মিলানেরও। এসি মিলানের ব্রাজিলিয়ান কোচ লিওনার্দোর বিশ্বাস, রোনালদিনহো আবার তাঁর সেরা ফর্মে ফিরবেন, ‘আমার মনে হয় সে আবার আগের রোনালদিনহো হবে। ও ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করছে।’ রোনালদিনহো নিজেও এখন ভালো খেলার তাগিদ অনুভব করছেন, ‘আবার আমি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাটা অনুভব করতে পারছি। আর এই ভালোবাসার টানেই আমি মাঠে গিয়ে আমার স্বপ্নটাকে বুঝতে পারি।’ এএফপি।