মিলানে প্রথম একাদশেই কাকা

রিয়ালে কী বাজে সময়টাই না কাটিয়েছেন কাকা! চার বছর আগে অনেক আশা নিয়ে মিলান ছেড়ে মাদ্রিদে পাড়ি দিয়ে নিজের স্বর্ণসময়টাই হারিয়ে এসেছেন তিনি। সাইড বেঞ্চে বসে থাকতে থাকতে সামর্থ্যে এখন মরচের ছোঁয়া। একসময় যাঁকে মেসি-রোনালদোর কাতারে বিচার করা হতো সেই কাকাই এখন হারিয়ে খুঁজছেন নিজেকে। নিজেকে ফিরে পেতে তাই রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আবার ফিরেছেন মিলানে। তার পরও কাকাকে নিয়ে প্রশ্ন, মিলানে কি নিয়মিত খেলার সুযোগ হবে তাঁর?
রিয়ালের মতো তারকায় ঠাসা নয় এসি মিলান। সান সিরোতে তাই কাকার নিয়মিত মাঠে থাকাটাও কোনো সমস্যা হওয়ার কথা নয়। কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রিও নিশ্চিত করেছেন মিলানে কাকা নিয়মিত একাদশেই খেলবেন।
আজ রাতে সিরি ‘আ’তে তোরিনোর সঙ্গে খেলাতেই পুনরায় মিলানের লাল-কালো ডোরাটাকা জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে কাকার। শুক্রবার সংবাদমাধ্যমের কাছে ব্যাপারটা জানিয়েছেন কোচ আল্লেগ্রি, ‘হ্যাঁ, মিলানে খুব সম্ভবত কাকা নিয়মিত একাদশেই খেলবে। সে এই মুহূর্তে ভালো ফর্মে আছে। অনুশীলনেও সে দারুণ ঝরঝরে।’
কোচ আল্লেগ্রি উদ্বিগ্ন কাকার ম্যাচ ফিটনেস নিয়ে। রিয়ালে বসে থাকতে থাকতে পুরো ৯০ মিনিট খেলার সামর্থ্যে কতটুকু মরচে ধরেছে, সেটা নিয়েই চিন্তায় আছেন মিলান কোচ, ‘আমার মনে হয়, ওর ম্যাচ ফিটনেসে একটু ঘাটতি আছে। রিয়াল মাদ্রিদের চারটি বছর তো সে সাইড বেঞ্চেই বসে কাটিয়েছে।’
কাকার ম্যাচ ফিটনেস নিয়ে চিন্তায় থাকলেও ব্রাজিলীয় এই তারকাকে নিয়ে দারুণ আশাবাদী আল্লেগ্রি, ‘প্রথম একাদশে খেলা নিয়ে ও একটু উদ্বিগ্ন। তবে আমি ওকে জানিয়ে দিয়েছি, সে প্রথম একাদশেই খেলবে। আমি কাকাকে নিয়ে দারুণ আশবাদী। সে অসম্ভব পরিশ্রম করছে। কাকার মতো খেলোয়াড়কে দলে নিয়ে মিলান উপকৃতই হবে।’ ওয়েবসাইট।