মিলানে মিলল চাপ
রিয়াল মাদ্রিদ: জিতলেই দ্বিতীয় রাউন্ড। ড্র করলে, এমনকি হারলেও দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত হবে আয়াক্স যদি অজেরির বিপক্ষে হারে।আর্সেনাল: জিতলেই দ্বিতীয় রাউন্ড।বায়ার্ন মিউনিখ: জিতলে, এমনকি ড্র করলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত।চেলসি: জিতলেই দ্বিতীয় রাউন্ড।এসি মিলান: ?বড় দলগুলোর মধ্যে কেবল এসি মিলানই একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে মাঠে নামছে আজ। প্রথম তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া ইতালির দলটি আজ জিতলেও দ্বিতীয় রাউন্ডে যাবে—এই নিশ্চয়তা নেই। তাদের ভাগ্য ঝুলে থাকবে গ্রুপ পর্বের শেষ দুটো ম্যাচে।চাপে রাখা এমন সমীকরণ নিয়েই আজ বড় ম্যাচে মিলান মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগের দুই সফল দলের লড়াই তো একটা কারণ, আজ ছয় ম্যাচের ভিড়ে সান সিরোর এই লড়াই বাড়তি আলো ছড়াচ্ছে একটা ব্যক্তিগত কারণে। গতবার ইন্টার মিলানকে তাদের ইতিহাসের সেরা সাফল্য এনে দেওয়া হোসে মরিনহো যে আজ আবার ফিরে আসছেন নিজের পুরোনো ঠিকানায়।ইন্টারের ছিলেন বলে মিলানের কোনো সাফল্য তখনো মরিনহো কামনা করেননি। আজ তো করার প্রশ্নই আসে না। উল্টো এখান থেকেই চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলতে চায় তাঁর দল। প্রস্তুতিটাও ভালোমতেই সেরে রেখেছে রিয়াল, লিগে হারকিউলিসকে ৩-১ গোলে হারিয়ে। ওই ম্যাচে জোড়া গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো। উল্টো দিকে লিগে আগের ম্যাচে এই সান সিরোতেই জুভেন্টাসের কাছে হেরে গেছে মিলান।প্রথম তিন ম্যাচে একটি গোলও হজম না করা রিয়াল অবশ্য শুধু দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে মাথা ঘামাচ্ছে না। বরং রিকার্ডো কারভালহোর দাবি, ‘জি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেই নকআউট পর্বে পা রাখতে চান তাঁরা। রিয়ালের জন্য বাড়তি তাগিদ থাকবে সান সিরোতে গত ১৩ ম্যাচে জিততে না পারার রেকর্ডটি মুছে দেওয়ারও। ওই ১৩ ম্যাচের ১০টিতেই হারা রিয়াল গোল করতে পেরেছে মাত্র ছয়টি।ব্যক্তিগত তাগিদ থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোরও। লিগের গত দুই ম্যাচে ছয় গোল, এই মৌসুমেই নয় ম্যাচে ১২ গোল করা রোনালদো কিন্তু চ্যাম্পিয়নস লিগে করেছেন মাত্র একটি। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে যাওয়া মিলান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও চাইবেন রোনালদোকে গোলবঞ্চিত করে নিজেদের মাঠ থেকে ৩ পয়েন্ট আদায় করে নিতে।চেলসি এদিক দিয়ে অনেকটাই নির্ভার। স্পার্তাককে আগের ম্যাচে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে এসেছে কার্লো আনচেলত্তির দল। আজ আবার তাদের মাঠেই খেলা, স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের গত ২৩ ম্যাচেই চেলসি হারেনি। আজ আবার প্রথম তিন ম্যাচ খেলতে না-পারা দিদিয়ের দ্রগবাও নামছেন, চ্যাম্পিয়নস লিগে গত ১২ ম্যাচে আটটি গোল আছে যাঁর নামের পাশে।গতবারের রানার্সআপ বায়ার্ন লিগে যেমনই খেলুক, চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচে কিন্তু ৯ পয়েন্টই তুলে নিয়েছে। আজ রোমানিয়ান ক্লাব ক্লুজের মাঠে খেলা। ড্র হলেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তো বটেই, ক্লুজের নিজেদের মাঠের যাচ্ছেতাই রেকর্ডও বায়ার্নকে নির্ভার রাখতে সাহায্য করবে। তা ছাড়া রোমানিয়ান কোনো দলের বিপক্ষে গত সাত ম্যাচেই বায়ার্ন হারেনি। অ্যাওয়ে ম্যাচগুলোতেও তাদের রেকর্ড ভালো। গত ১২টি অ্যাওয়ে ম্যাচের সাতটিই জিতেছে লুই ফন গালের দল।সেভাবে তাদের ওপর প্রচারের আলো নেই। আর্সেনাল কিন্তু চুপেচাপে ঠিকই নিজেদের কাজটা সেরে রাখছে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ১৪টি গোল তারাই করেছে। দ্বিতীয় রাউন্ডের বদলে তারা বেশি করে ভাবতে পারে একটা রেকর্ড নিয়ে। শেষ তিন ম্যাচে সাতটি গোল করতে পারলেই গ্রুপ পর্বে ২১ গোল করার নতুন রেকর্ড গড়বে আর্সেনাল। গত ম্যাচেই গানারদের কাছে ৫-১ গোলে হারা শাখতার দোনেৎস্কের একটাই ভরসা—ম্যাচটা তারা খেলবে নিজেদের মাঠে। রয়টার্স।