মিলানে রোনালদিনহো-বেকহাম জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে শীত আর তুষারপাত এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল-বোল্টন ম্যাচটি হতে দেয়নি পরশু। ইতালির আবহাওয়া অবশ্য ভালোই ছিল। তবে জেনোয়ার জন্য মোটেই ভালো গেল না। তাদের জন্য রাতটিকে দুর্বিষহ বানিয়ে তুলেছিল এসি মিলান। ডেভিড বেকহাম আর রোনালদিনহোর নৈপুণ্যে জেনোয়াকে উড়িয়ে দিয়েছে মিলান ৫-২ গোলে।এই জয় পয়েন্ট তালিকায় মিলানকে তুলে দিয়েছে দ্বিতীয় স্থানে। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। মিলানের চেয়ে এক ম্যাচ করে বেশি খেলে ৪২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান শীর্ষে, জুভেন্টাস দ্বিতীয় স্থানে (৩৩)।পয়েন্ট তালিকায় উন্নতি বিবেচনায় এই ম্যাচটি মিলানের জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই বিশেষ ছিল ডেভিড বেকহামের জন্যও। মিলানে বেকহামের দ্বিতীয় মৌসুমের সূচনা হলো এ ম্যাচ দিয়েই। বেকহামের পাশাপাশি মিলানের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ ব্রাজিলিয়ান প্লে-মেকার রোনালদিনহোর জন্যও। মিলানে ভালো পারফরম্যান্সই তাঁদের সুযোগ করে দিতে পারে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলার।গত মৌসুমেও এই জানুয়ারিতেই মিলানে প্রথম ম্যাচ খেলেছিলেন বেকহাম। এবারও তাই। গত বছর প্রথম ম্যাচেই মিলানের হয়ে গোল করেছিলেন, গোল করিয়েওছিলেন। মিলানের জার্সি গায়ে এ মৌসুমের প্রথম ম্যাচে গোল করতে পারেননি, করাতেও পারেননি। তবে মিলানের মাঝমাঠটাকে এক সুরে বাঁধতে পেরেছেন তিনি। মিলানের বড় জয় পাওয়ার এটি একটি কারণ। এদিক দিয়ে রোনালদিনহো পাবেন বেশি নম্বর। পেনাল্টি থেকে দলের প্রথম গোলটি করেছেন। অবশ্য ৩২ মিনিটে এই গোলটি করার আগে একটি পেনাল্টি তিনি মিসও করেছেন। পরে মার্কো বরিয়েল্লোর গোলে অবদান ছিল রোনালদিনহোর। তাঁর অসাধারণ পাস থেকেই ৪৮ মিনিটে নিজের প্রথম গোলটি করেছেন বরিয়েল্লো, দ্বিতীয় গোল ৬০ মিনিটে। এর আগে ৩৮ মিনিটে দলের দ্বিতীয় গোল করেছেন থিয়াগো সিলভা এবং ৭৩ মিনিটে পঞ্চম গোলটি হান্টেলারের।মিলান রোনালদিনহো-বেকহামের বিশ্বকাপ মিশনের মনস্তত্ত্বে ঢুকে যাওয়ায় ধারালো হয়ে উঠেছে। কিন্তু শীর্ষে থাকা ইন্টারও দৌড়াচ্ছে আরও দ্রুত। একই রাতে বালোতেল্লির ১১ মিনিটের গোলে শিয়েভোকে হারিয়েছে হোসে মরিনহোর দল। এএফপি।