মিলানে সিডর্ফ-যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা একটা ফাটকা। সে কেমন করে এটা দেখার অপেক্ষায় আছি’—যেন প্রশ্নবোধক চিহ্নটা ঝুলিয়ে দিলেন মার্কো ফন বাস্তেন। কাকে নিয়ে কথাটা বললেন ফন বাস্তেন? তার আগে শুনে আসা যাক রুদ খুলিতের মন্তব্য, ‘আমি এটা আশা করিনি। ক্লারেন্সের কোনো কোচিং অভিজ্ঞতা নেই। এখন তার নিজেকে প্রমাণ করার পালা।’ এবার হয়তো বুঝে গেছেন ফন বাস্তেন-খুলিতদের শঙ্কা-অনিশ্চয়তা কাকে নিয়ে! ক্লারেন্স সিডর্ফ, মিলানে আনুষ্ঠানিকভাবে যাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে কাল থেকে।
আগামীকালই সিরি ‘আ’তে মুখোমুখি এসি মিলান-ভেরোনা। দুই বছর আগেও যাঁকে দেখা গিয়েছিল মাঠে, সেই সিডর্ফ এবার মিলানের ডাগ-আউটে!
ফন বাস্তেন-খুলিতরা যখন খেলেছেন তখন মিলানসূর্যে আলোকিত গোটা ইউরোপ। এই ডাচ গ্রেটদের উত্তরসূরি সিডর্ফ সেই সোনালি সময়টা পাননি। তবে অন্তত গর্ব করে বলতে পারবেন মিলানকে ইউরোপ-সেরা করেছেন। তাও দু-দুবার। কিন্তু তার পরও ফন বাস্তেন-খুলিতদের মধ্যে যেন একটু দ্বিধা। কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই যাঁর নেই তাঁকে নিয়োগ দেওয়াটা আসলে তো বিশাল একটা ফাটকা খেলা। সাবেকেরা তো সিঁদুরে মেঘ দেখতেই পারেন!
দলের অবস্থা ভালো হলে তা-ও না হয় একটা কথা ছিল। মিলানের এখন যে দশা, তাতে শীর্ষ চারে আসতে হলে অলৌকিক কিছু করতে হবে। চ্যাম্পিয়নস লিগে আসতে হলে তৃতীয় দল নাপোলির সঙ্গে ২০ পয়েন্টের ব্যবধান ঘোচাতে হবে। আর শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে ব্যবধান ৩০! পরশু সংবাদ সম্মেলনে সিডর্ফ কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন শুরুতে, ‘আমি আবেগে ভেসে যাচ্ছি।’ তবে পরক্ষণেই তুখোড় পেশাদারের মতো লাগামটা টেনে ধরেছেন, ‘মিলানকে শীর্ষে নিতে হলে অনেক কিছু করতে হবে।’ ‘অনেক কিছু’ না বলে ‘প্রায় অসম্ভব’ শব্দযুগল প্রয়োগ করতে পারতেন।
কেন এই ‘আনকোরা’ সিডর্ফকে কোচ করে আনা? উত্তরটা পাবেন সিডর্ফের একসময়ের মিলান সতীর্থ থিয়াগো সিলভার কাছে, ‘সে এলে মিলানের বেঞ্চে অন্তত বিশাল একটা পরিবর্তন হবে।’ আর উত্তর দিয়েছেন মিলানেরই সাবেক কোচ কার্লো আনচেলত্তি, ‘ফুটবল-জগতে যেকোনো কিছু করার মতো প্রজ্ঞা ও সামর্থ্য সিডর্ফের আছে।’
সিডর্ফ কি সিলভা-আনচেলত্তিকে ঠিক প্রমাণ করতে পারবেন? এএফপি, ওয়েবসাইট।