মিলানে সোনালি প্রজন্মের শেষ
শিরোপার আলোচনা আগের ম্যাচেই শেষ করে দিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি ‘আ’তে এসি মিলানের আজকের শেষ ম্যাচটি তাই শুধুই নিয়মরক্ষার। কিন্তু নোভারার বিপক্ষে এই নিয়মরক্ষার ম্যাচে মিলান শিবিরের জন্য থাকছে অন্য রকম আবেগ। সান সিরোর এই ম্যাচ দিয়েই যে শেষ হচ্ছে মিলানের সোনালি প্রজন্মের তারকাদের যুগ!ফিলিপ্পো ইনজাগি, আলেসান্দ্রো নেস্তা, জেনারো গাত্তুসো—লিগে মিলানের জার্সি পরে এটাই এই তিন তারকার শেষ ম্যাচ। মৌসুম শেষে তিনজনই চলে যাচ্ছেন মিলান ছেড়ে। এর মধ্যে ৩৮ বছর বয়সী ইনজাগি ভাবছেন অবসর নিয়ে। মিলানের রক্ষণসেনানী ৩৬ বছর বয়সী নেস্তা পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আর ৩৪ বছর বয়সী গাত্তুসোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।কোচ কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত এক দল হয়ে উঠেছিল মিলান। ডিফেন্ডার কাফু, পাওলো মালদিনিসহ কোচ আনচেলত্তি বিদায় নিয়েছেন আগেই। ১০ বছর সান সিরোতে কাটিয়ে গত বছর মিলান ছেড়ে যান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। এবার ইনজাগি, নেস্তা, গাত্তুসোদের দিয়ে সেই প্রজন্মের ইতি!২০০৭ সালে মিলানের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো তারকাদের মধ্যে থাকবেন কেবল ক্লারেন্স সিডর্ফ ও অধিনায়ক মাসিমো অ্যাব্রোসিনি।বিদায়ী তিন তারকার মধ্যে বয়সে গাত্তুসোই বয়সে ছোট। তবে মিলানে ৩৪ বছর বয়সী মিডফিল্ডারই সিনিয়র। সান সিরোতে আছেন তিনি সেই ১৯৯৯ সাল থেকে। ইনজাগি মিলানে ২০০১ সাল থেকে, নেস্তা ২০০২ থেকে। তবে যাওয়ার আগে সান সিরো থেকে যেমন অনেক সুখস্মৃতি নিয়ে যাচ্ছেন, তেমনি রেখেও যাচ্ছেন। যার মধ্যে ওপরের দিকেই থাকবে ২০০৩ ও ২০০৭ সালে জেতা চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতি। মিলানকে তারা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন ২০০৫ সালেও। কিন্তু ইস্তাম্বুলে বিস্ময়কর এক রূপকথার জন্ম দিয়ে শিরোপা জিতে নেয় লিভারপুল। ২০০৭ সালে মিলান সেই হারের জ্বালা জুড়ায় সেই লিভারপুলকেই ২-১ গোলে হারিয়ে। দলের দুটি গোলই করেন ইনজাগি। বিদায়ের আগে সেই সুখস্মৃতিই সমর্থকদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইতালির সাবেক স্ট্রাইকার, ‘বাস্তবতা আমাদের সুন্দরতম স্বপ্নকেও ছাড়িয়ে গিয়েছিল। ইস্তাম্বুলের (যেখানে তারা ফাইনালে হেরেছিল) ঘটনার দুই বছর পর লিভারপুলের বিপক্ষে দুটি গোল, সপ্তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। যা পাওয়ার আশা আমরা করিনি, নিয়তি সেটাই আমাদের দিয়েছে।’ এএফপি।