মিলানেই যাচ্ছেন তেভেজ
শেষ পর্যন্ত এসি মিলানই সম্ভবত কার্লোস তেভেজের নতুন ঠিকানা হতে যাচ্ছে। দল বদল নিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারের সঙ্গে মতৈক্যে পৌঁছাতে পেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এখন ম্যানচেস্টার সিটির সঙ্গে সবকিছু চূড়ান্ত করা বাকি। সেটাও বেশ দ্রুতই হয়ে যাওয়ার কথা। কারণ, তেভেজ অধ্যায়ের একটা শেষ দেখতে চান রবার্তো মানচিনিও। খুব সহজেই পার পাচ্ছেন না তেভেজ। মিলানে যাওয়ার আগে ১০ লাখ ইউরো জরিমানা গুনতে হবে তাঁকে। সিটি ছাড়তে মরিয়া ‘বিদ্রোহী’ স্ট্রাইকার নাকি কোনো আপত্তি ছাড়াই জরিমানার টাকাটা দিতে রাজি হয়েছেন।এর আগে তেভেজকে ধারে নিতে চেয়েছিল মিলান। কিন্তু সিটি বলেছিল, তেভেজকে শুধু বিক্রিই করবে তারা। এর মধ্যেই ৩ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব নিয়ে এসেছিল ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। লড়াইয়ে নামে মিলানের আরেক ক্লাব ইন্টারও। শেষ পর্যন্ত জয় হচ্ছে মিলানেরই। ক্লাবের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘তেভেজের সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে, এখন সিটির সঙ্গে আলোচনা চলছে। আশা করি খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছে যাব।’বায়ার্ন মিউনিখ কাণ্ডে এর আগে তেভেজকে চার সপ্তাহের বেতন জরিমানা করেছিল সিটি। প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের হস্তক্ষেপে জরিমানা পরে কমে দাঁড়ায় দুই সপ্তাহের বেতন। তবে এবার আর জরিমানা কমানোর আবেদন বা এ রকম কোনো ঝামেলা করতে চান না তেভেজ। জরিমানার অঙ্কটা বিশাল, তবু ওটা দিয়েই সিটি অধ্যায় দ্রুত শেষ করতে চান। তেভেজের জায়গায় রোমার স্ট্রাইকার ড্যানিয়েলে ডি রসিকে নেওয়ার কথা ভাবছে সিটি। মিলান ডিফেন্ডার থিয়াগো সিলভার দিকেও তাদের চোখ আছে। এএফপি, ওয়েবসাইট।