মিলানের অঙ্ক মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্ডারলেখট এসি মিলানের জন্য খুবই পয়া প্রতিপক্ষ। বেলজিয়ান ক্লাবটির সঙ্গে গ্রুপ পর্বে দেখা হওয়া ইতালিয়ান ‘দৈত্যের’ জন্য শুভলক্ষণ। এর আগে গ্রুপ পর্বে আন্ডারলেখটের মুখোমুখি হওয়া মিলান দুবার চ্যাম্পিয়ন হয়েছে! পরশু অবশ্য সান সিরোতে যে খেলাটা খেলল সাতবারের চ্যাম্পিয়নরা, তাতে এবার তাদের পক্ষে কেউ বাজি ধরবে বলে মনে হয় না। নিজেদের মাঠে পুঁচকে প্রতিপক্ষের সামনে বরং নতজানুই ছিল দলটি। মিলান যে বরাতজোরে ড্র করেছে, সে কথা ম্যাচ শেষে স্বীকার করেছেন খোদ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। মিলানে নিজের তৃতীয় মৌসুমটা হয়তো আর পুরো করতে পারবেন না ইতালিয়ান এই কোচ।১৮ বারের লিগ চ্যাম্পিয়ন মিলান এবার সিরি ‘আ’র প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে। সাম্পদোরিয়া আর আটালান্টার মতো প্রতিপক্ষের কাছে ৬ পয়েন্ট হারানোর সেই দুটি ম্যাচই ছিল নিজেদের মাঠে। সান সিরোতে নিজেদের দুর্ভাগ্যের শিকল পরশুও খুলতে পারল না মিলান। অ্যালেগ্রি অবশ্য মনে করেন ভাগ্য ঠিকই পাশে ছিল। না হলে প্রথমার্ধে দুর্দান্ত খেলা আন্ডারলেখট এগিয়েই যেতে পারত, ‘ওরা আমাকে চমকে দিয়েছে। প্রথমার্ধে ওরা দুর্দান্ত খেলেছে। সম্ভবত প্রথমার্ধে বেশি শক্তি নিয়োগ করেছিল বলেই দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। ভাগ্যগুণেই আমরা কোনো গোল খাইনি।’মিলানের আসলেই ভাগ্য ভালো। ‘সি’ গ্রুপে সহজ তিন প্রতিপক্ষ পেয়েছে। এই গ্রুপের চমক মালাগা ৩-০ গোলের জয় দিয়ে শুরু করেছে তাদের প্রথম চ্যাম্পিয়নস লিগ অভিযান। নতুন করে নিজেদের চেনানোর মিশনে মালাগার সঙ্গী হয়েছেন হাভিয়ের স্যাভিওলা। ৩১ বছর বয়সে এসে তিনিও যেন নতুন করে নিজেকে চেনাতে চান। লিগের গত ম্যাচে আর্জেন্টাইন এই স্ট্রাইকার দুর্দান্ত খেলে লেভান্তেকে হারিয়েছেন ৩-১ গোলে। বার্সেলোনা-রিয়ালের মতো ক্লাবে একসময় ব্রাত্য হয়ে থাকা স্যাভিওলা পরশুও গোল করেছেন, করিয়েছেনও। প্রথমে পিছিয়ে পড়েও দুই মিনিটে দুই গোল করে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্সেনাল। সেস ফ্যাব্রিগাস, রবিন ফন পার্সির পর অধিনায়কত্বের বন্ধনী এখন টমাস ভারমেলেনের বাহুতে। অথচ সেই তিনিই ডোবাতে বসেছিলেন দলকে। হাস্যকর এক ফাউল করে ৯ মিনিটে পেনাল্টি থেকে মঁপেলিয়েকে গোল উপহার দিয়েছিলেন। ১৬ মিনিটে লুকাস পোডলস্কি আর ১৮ মিনিটে জেরভিনহোর দুই গোলে ফ্রান্স থেকে ৩ পয়েন্ট নিয়েই ফিরেছে ইংলিশ ক্লাবটি।পরশু রাতের সবচেয়ে বড় জয়টি প্যারিস সেন্ট-জার্মেইয়ের। ডায়নামো কিয়েভকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শক্তিমত্তা জাহির করেছে ফ্রেঞ্চ দলটি। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল এনে দেন ইব্রাহিমোভিচ। ২৯ ও ৩২ মিনিটে দুই ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা আর অ্যালেক্স ৩-০ বানিয়ে দেন। ৮৭ মিনিটে কিয়েভ একটা গোল শোধ দিলেও যোগ করা সময়ে এক হালি গোল পূর্ণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হাভিয়ের পাস্তোরে। এএফপি, রয়টার্স।এক নজরে এসি মিলান ০ - ০ আন্ডারলেখট মঁপেলিয়ে ১ - ২ আর্সেনাল জাগরেব ০ - ২ পোর্তো পিএসজি ৪ - ১ কিয়েভ অলিম্পিয়াকস ১ - ২ শালকে মালাগা ৩ - ০ জেনিত ডর্টমুন্ড ১ - ০ আয়াক্স* প্রথমে স্বাগতিক