মিলানের আরেকটি জয়
দুঃসময়কে বুঝি পেছনেই ফেলল এসি মিলান! ভীষণ বাজেভাবে মৌসুম শুরু করা মিলান পরশু পেয়েছে টানা তৃতীয় জয়। ১০ জনের দল কাতানিয়ার মাঠ থেকে মিলান ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে।চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর গত রোববার জুভেন্টাসের বিপক্ষে লিগে জিতেছিল ১-০ গোলে। পরশু অবশ্য প্রথমে পিছিয়েই পড়েছিল মিলান। ১১ মিনিটেই স্বাগতিক কাতানিয়াকে এগিয়ে দেন নিকোলা লেগ্রোত্তাজলি। লিডটা ৪২ মিনিট ধরেও রেখেছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের চার মিনিটেই পাবলো বেরিয়েন্তোস লাল কার্ড দেখলে কপাল পোড়ে কাতানিয়ার। ১০ জনের দল হয়ে পড়া কাতানিয়াকে চেপে ধরে মিলান। স্টেফান এল শারাউয়ির বিতর্কিত গোলে ৫৩ মিনিটে সমতাও ফেরায়। তিন মিনিট পরই মিলানকে এগিয়ে দেন কেভিন প্রিন্স-বোয়াটেং। ৯০ মিনিটে এই বোয়াটেংও মাঠ ছাড়েন লাল কার্ড পেয়ে। যোগ করা সময়ে মিলানের জয় নিশ্চিত করেন শারাউয়ি। এটা নিয়ে লিগে সর্বোচ্চ ১২ গোল হয়ে গেল ২০ বছর বয়সী স্ট্রাইকারের। এই জয়ের পরও ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে মিলান। রয়টার্স।