২০০৭ সালে লিভারপুলকে হারিয়ে সপ্তম ইউরোপিয়ান কাপ জিতেছিল এসি মিলান। সেটাই যেন কাল হয়েছে। লাখো লাখো ইংলিশ সমর্থকের অভিশাপ এসে লেগেছে ইতালির ক্লাবটির গায়ে। আপনি কুসংস্কারে বিশ্বাস করুন আর না-ই করুন, ওই ম্যাচটির পর ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে জিততে পারেনি মিলান!গত পাঁচ বছরে চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের বিদায় করে দিয়েছে আর্সেনাল, ম্যানইউ ও টটেনহামের মতো ইংলিশ ক্লাবগুলো। গত চার বছরে তিনবারই সেই বিদায়-পর্ব মঞ্চস্থ হয়েছে দ্বিতীয় রাউন্ডে। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচে জয় নেই। শুধু তা-ই নয়, এর মধ্যে পাঁচটি ম্যাচে মিলান গোলের দেখাও পায়নি।এর মধ্যে শুধু একবারই পোর্টসমাউথের সঙ্গে ড্র করতে পেরেছিল মিলান, সেটিও ২০০৯ ইউরোপা লিগের গ্রুপ পর্বে। আজ সেই মিলান মুখোমুখি হচ্ছে আর্সেনালের, ২০০৮ সালে দ্বিতীয় রাউন্ডেই যে গানারদের তোপে উড়ে গিয়েছিল তারা। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে মিলানের সাম্প্রতিক রেকর্ড যেখানে এমন অনুজ্জ্বল; ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে আর্সেনাল আবার ততটাই আলোক উদ্ভাসিত। ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে সর্বশেষ নয় ম্যাচের মাত্র একটিতেই হার। এর মধ্যে ছয় ম্যাচে অক্ষত নিজেদের গোলদুর্গ।এই বিপরীতমুখী পরিসংখ্যান আর সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ সান সিরোতে মুখোমুখি দুই দল। মিলানের জন্য অবশ্য একটি সুসংবাদ আছে, ঘরোয়া লিগে নিষিদ্ধ হলেও এ ম্যাচ খেলতে বাধা নেই জ্লাতান ইব্রাহিমোভিচের। এক ইব্রাহিমোভিচই পারেন ইংলিশ ক্লাবটিকে জ্বালাতন করতে। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ চার ম্যাচেই গোল করেছেন এই সুইড, এসি মিলানের হয়ে ১২ ম্যাচে করেছেন ৮ গোল।ইতালিয়ান লিগে হুট করে খোঁড়াতে থাকা মিলান এরই মধ্যে ঘুরেও দাঁড়িয়েছে। গত রোববার উদিনেসের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দিয়েছেন দুই তরুণ ম্যাক্সি লোপেজ আর এল শারাউয়ি। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঝখানে খোঁড়াচ্ছিল আর্সেনালও। টানা চার ম্যাচে জয়শূন্য (তিন পরাজয়) থাকার পর গত দুই ম্যাচে জয়। এর মধ্যে গত ম্যাচে যোগ করা সময়ে গোল করে জিতিয়েছেন থিয়েরি অঁরি। মাত্র দুই মাসের জন্য আর্সেনালে ফিরে আসা অঁরির জন্য এটাই শেষ ম্যাচ। আগামীকালই রেড বুলসে যোগ দিতে নিউইয়র্কের বিমান ধরতে হবে। কয়েক মিনিটের জন্য হলেও অঁরি নিশ্চয়ই মাঠে নামতে চাইবেন। দৃশ্যপটে হয়তো ভেসে উঠবে, ২০০৩ সালে এই সান সিরোতেই তাঁর জোড়া গোলে ইন্টার মিলানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্সেনাল।ওদিকে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ‘শীতল অভ্যর্থনা’ জানাতে তৈরি জেনিত সেন্ট পিটার্সবার্গ। তবে কয়েক দিন ধরে রাশিয়ায় এমন তুষারপাত হচ্ছে যে ম্যাচটি হতে পারে কি না সন্দেহ। এএফপি, রয়টার্স।