মিলানের কোচ সিডর্ফ

একদিকে উছলে পড়া আবেগের ঢেউ। অন্যদিকে উত্তেজনা-রোমাঞ্চের একটা ঝাপটাও কি লাগছিল না ক্লারেন্স সিডর্ফের গায়ে? দুটিই স্বাভাবিক। সবুজ মাঠকেই ঠিকমতো বিদায় বলা হলো না, তার আগেই নেপথ্য নায়কের ভূমিকায় এসে পড়লেন ডাগ-আউটে। তাও নিজের পুরোনো ক্লাবের। এসি মিলানেই আবার ফিরলেন সিডর্ফ, এবার কোচ হিসেবে। কদিন আগেই চাকরি হারানো মাসিমিলিয়ানো অ্যালেগ্রির জায়গা নিয়েছেন ৩৭ বছর বয়সী ডাচ ফুটবলার।
সিডর্ফের খেলোয়াড়ি জীবন শেষ করাই একটা খবর হতে পারত। সেখানে মিলানের কোচ হওয়াটা তো রীতিমতো চমক। ইউরোপীয় ফুটবলে দ্বিতীয় সফলতম ক্লাবটি এমন একজনকে বেছে নিল যাঁর কোচিংয়ে কোনো অভিজ্ঞতাই নেই। তার ওপর দলটি এবার হাবুডুবু খাচ্ছে অথই সাগরে, শিরোপাস্বপ্ন শেষ, চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনাও বলতে গেলে নেই। মিলানের সিডর্ফকে বেছে নেওয়া কতটা যৌক্তিক হয়েছে, সেটা সময় বলবে। তবে ডাচ মিডফিল্ডার আত্মবিশ্বাসী, ‘সাবেক সতীর্থদের দায়িত্ব নেওয়াটা খুব একটা সমস্যা হবে না। কারণ আমি ওদের ভালোমতোই চিনি।’
ক্যারিয়ারের বাঁক বদলালেন। কিন্তু খেলোয়াড়ি ক্যারিয়ারকে বিদায় জানাতেই একটা কষ্টের স্রোত পাড়ি দিতে হয়েছে সিডর্ফকে। নইলে ব্রাজিলে সংবাদ সম্মেলনে কেন অমনভাবে আবেগের বাঁধ ভেঙে পড়বে? ‘২২ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানছি আমি। কালকের রাতটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু ক্যারিয়ারে যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট। এই দেড় বছরের অভিজ্ঞতা (ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে) আমাকে সামনে অনেক সাহায্য করবে’—চোখে জল নিয়ে বলেছেন সিডর্ফ। এএফপি, ওয়েবসাইট।
খেলোয়াড়ি জীবন তাঁকে দিয়েছে অনেক তৃপ্তির অনুভূতি। কী জিতেছেন না বলে বলা উচিত কী জেতেননি? ডাচ লিগ, লা লিগা, সিরি আ; জিতেছেন ক্লাব বিশ্বকাপ। অনন্য একটা অর্জন আছে তাঁর, প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা আলাদা ক্লাবের হয়ে (আয়াক্স, রিয়াল মাদ্রিদ, মিলান) জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। গত ২০১২ সালে মিলান ছেড়ে যোগ দেন ব্রাজিলের ক্লাব বোটাফোগোয়। অস্তাচলে পৌঁছেও ক্লাবটিকে নিয়ে যান কোপা লিবার্তাদোরেসে, ৮১ ম্যাচে করেছেন ২৪ গোল। চালিয়ে যেতে পারতেন আরও কিছুদিন।