মিলানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসের অপরাজিত দৌড় থামানোর স্বপ্ন পূরণ হলো না নাপোলি তথা এডিনসন কাভানির। উল্টো নাপোলিকেই ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে পয়েন্টের ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে জুভেন্টাস। আগের দিন কাতানিয়ার সঙ্গে ১-১ ড্র করে মিলানই সুযোগটা করে দিয়েছিল ব্যবধান কমানোর। তুরিনের ওল্ড লেডিরা ঘরের মাঠে সুযোগটা কাজে লাগিয়েছে দারুণভাবে।জুভদের প্রথম এগিয়ে দেন ডিফেন্ডার লিওনার্দো বোনাচ্চি, ৫৪ মিনিটে। মির্কো ভুচিনিচের শটটিকে তিনি গোলে রূপ দেন হাঁটু লাগিয়ে! এর পরও নাপোলি ম্যাচে ছিল দারুণভাবে। কিন্তু ৭৫ ও ৮৩ মিনিটে আরতারো ভিতাল আর ফাবিও কুয়াগলিয়ারেল্লার গোল দুটি শেষ করে দেয় নাপোলির প্রতিরোধ। নাপোলির হতাশার ষোলকলা পূর্ণ হয়েছে ম্যাচের শেষ দিকে হুয়ান জানিগা লাল কার্ড দেখায়।এই জয়ে মিলানের কাঁধে তপ্ত নিঃশ্বাস ফেলছে জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট মিলানের, জুভেন্টাসের ৬২। মাত্রই ২ পয়েন্টের ব্যবধান, লিগে এখনো ৮ ম্যাচ বাকি। ২০০৬ সালের ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে অবনমিত হওয়ার পর এই প্রথম লিগ শিরোপার স্বপ্ন দেখছে জুভরা। হারের পরও ৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে নাপোলি। এই রাউন্ডের আগে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পঞ্চম স্থানে ছিল উদিনেসে। নাপোলি হারলেও তাদের লাভ হয়নি, কারণ উদিনেসেও সিয়েনার মাঠে হেরে গেছে ১-০ গোলে। নোভারার বিপক্ষে ৫-২ গোলে জয় পেলেও রোমার অবস্থানেরও কোনো নড়চড় হয়নি। ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফ্রান্সেসকো টট্টির দল। তবে জেনোয়ার বিপক্ষে ৫-৪ গোলের নাটকীয় জয়ে আটে থেকে সাতে উঠে এসেছে লিগে ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত একচ্ছত্র রাজত্ব করা ইন্টার মিলান (৪৪)। এএফপি।