মিলানের চোখ সিরি ‘আ’তে
চ্যাম্পিয়নস লিগের শেষ আট এবারও হয়ে রইল মরীচিকা। দুর্দান্ত বার্সেলোনার কাছে শেষ হয়ে গেছে এসি মিলানের আরেকটি ইউরোপিয়ান ট্রফির স্বপ্ন। এখন তাই মনোযোগটা সিরি ‘আ’র ওপরেই নিবদ্ধ ইতালিয়ান ক্লাবটির। ঘরোয়া লিগে অবশ্য ফর্মটা ভালোই যাচ্ছে। এই বছর হারেনি একটা ম্যাচেও। শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে পিছিয়ে আছে অবশ্য ১১ পয়েন্টে। তবে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির ঘাড়ে, দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্ট। দ্বিতীয় স্থানটাই পাখির চোখ করছেন মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, ‘আমাদের এখন লিগের ওপর মনোযোগ দিতে হবে।’ এমন ফলের পর খেলোয়াড়দের অবশ্য দুষছেন না অ্যালেগ্রি, ‘খেলোয়াড়েরা যা করেছে সেটা নিয়ে তাদের সন্তুষ্ট থাকা উচিত। একটু ভাগ্যের ছোঁয়া পেলে ফলটা (বার্সার সঙ্গে) অন্য রকমও হতে পারত। এখন আমাদের পালের্মোকে নিয়ে ভাবতে হবে। দল এখন ভালো অবস্থায় আছে। রোববারের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’ চ্যাম্পিয়নস লিগে খেলতে না-পারা মারিও বালোতেল্লি আবার ফিরছেন দলে, সেটাও বাড়তি অনুপ্রেরণা হবে মিলানের জন্য! এএফপি।