মিলানের দুশ্চিন্তা বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে অপেক্ষা করছে দুঃসময়, এই গ্রীষ্মের দলবদলেই পাওয়া গিয়েছিল এই ইঙ্গিত। এসি মিলানের আকাশে দুর্দিনের মেঘটা গাঢ় হচ্ছে ক্রমেই। নিজেদের মাঠে আবারও হেরে গেছে মিলান। সান সিরোতে পুঁচকে সাম্পদোরিয়ার কাছে ১-০ গোলের হার দিয়ে মৌসুম শুরু। দ্বিতীয় ম্যাচে বোলোনিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরলেও পরশু আবার হেরে গেছে আটালান্টার কাছে। এবারও হার ১-০ গোলে।মানে নতুন মৌসুমে নিজেদের মাঠে দুই ম্যাচের দুটিতেই হার। ইতিহাস বলছে, ১৯৩০ সালের পর নিজেদের মাঠে এটাই মিলানের সবচেয়ে বাজে শুরু। গ্রীষ্মের দলবদলে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়াগো সিলভা, আন্তোনিও কাসানোরা ক্লাব ছেড়ে বেরিয়ে গেলেও সেই অর্থে বড় নামের কোনো খেলোয়াড়কে ঘরে তোলেনি মিলান, যাঁদের দিয়ে বিদায়ীদের শূন্যস্থান পূরণ হয়। পুরো গ্রীষ্মটাই তাই মিলান সমর্থকদের হতাশায় কেটেছে। ‘তারকাশূন্য’ দলকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথাটা জানিয়েও দিয়েছে তারা।সমর্থকদের চেঁচামেচি তখন কানে না গেলেও কর্তৃপক্ষ এখন দুর্দিনের ইঙ্গিতটা টের পাচ্ছে ঠিকই। পরশু ম্যাচ শেষেই যেমন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি স্বীকারও করেছেন, দলের পারফরম্যান্সে তিনি কিছুটা উদ্বিগ্ন। পরশুর হার নিশ্চিতভাবেই অ্যালেগ্রির ওপর চাপটা আরও বাড়িয়ে দিয়েছে। মিলান কোচের কথা, দুঃসময় পেছনে ফেলতে তাঁর দলের প্রয়োজন জেগে ওঠা, ‘আমি কিছুটা উদ্বিগ্ন। কারণ এ রকম খেলাটা যথেষ্ট নয়। আমাদের আরও ইতিবাচক এবং ভয়হীন হওয়া দরকার। ছেলেদের গা-ঝাড়া দিয়ে উঠতে হবে এবং এটা উপলব্ধি করতে হবে, উন্নতির পথে স্নায়ুচাপ নিয়ে খেলা যাবে না। নিশ্চিতভাবেই মাঠে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সেটা যতটা না টেকনিক্যালি, তার চেয়েও বেশি মনস্তাত্ত্বিক দিক থেকে।’মাঠের লড়াইয়ে অবশ্য পুরো সময়টাই প্রাধান্য ছিল মিলানের। কিন্তু ৬৬ মিনিটে অসাধারণ দক্ষতায় আটালান্টাকে এগিয়ে দেন লুকা চিগারিনি। লিগে এটাই প্রথম জয় ম্যাচ পাতানোর দায়ে ২ পয়েন্টের ঋণের বোঝা মাথায় নিয়ে মৌসুম শুরু করা আটলান্টার। পরশুর হারটি মিলান শিবিরে বড় হয়ে দেখা দিয়েছে আরেকটি কারণে। আগামীকালই চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি খেলতে নামছে অ্যালেগ্রির দল। বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের বিপক্ষে নিশ্চিতভাবেই মিলানের সঙ্গী হবে হতাশা। ম্যাচটি আবার সান সিরোতেই। এএফপি, ওয়েবসাইট।