মিলানের বিপক্ষে অনিশ্চিত জাভি
চ্যাম্পিয়নস লিগের শেষ চারের লড়াই নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজ এসি মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগে প্রথম লেগের খেলায় গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিল ইউরোপের অন্যতম সেরা এই দুই দল। আজ নিজেদের মাঠে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই বার্সেলোনার। কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কাতালানরা মাঠে না-ও পেতে পারে তাদের মাঝমাঠের প্রধান সেনানি জাভিকে। পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ায় দলের সঙ্গে দুটি অনুশীলনে যোগ দিতে পারেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। আজ সকালে পরীক্ষা-নিরীক্ষার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বার্সা কোচ পেপ গার্দিওলা।গতকাল এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘জাভির গোড়ালির অবস্থা কয়েক দিন ধরেই ভালো না। আমরা তাকে দিয়ে জোর করে খেলাতে চাই না।’ তবে তার পরও জাভির মাঠে নামার সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেননি গার্দিওলা। আজ শারীরিক পরীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন বলে জানিয়েছেন তিনি। আজকের ম্যাচ যদি ১-১ বা ২-২ গোলে ড্র হয়, তাহলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে সেমিফাইনালে চলে যাবে এসি মিলান। তাই শেষ চারের টিকিট পাওয়ার জন্য অন্ততপক্ষে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই জয় পেতে হবে বার্সেলোনাকে। এটাই শিষ্যদের বারবার মনে করিয়ে দিচ্ছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘আমাদেরকে যতটা সম্ভব গোলের সুযোগ তৈরি করতে হবে।’এবার সেমিফাইনালে উঠতে পারলেই টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে খেলার গৌরব অর্জন করবে কাতালানরা। রয়টার্স।