এল ক্লাসিকোর দিনেই বলে উন্মাদনাটা হয়তো একটু কম ছিল মিলান ডার্বিকে ঘিরে। তবে এসি মিলান-ইন্টার মিলানের উত্তুঙ্গ উত্তেজনাকর লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে ইন্টার, প্রতিবেশীদের হারিয়েছে ১-০ গোলে। তাদের ৫০তম ডার্বি জয়টা আরও কৃতিত্বের এ কারণেই যে ম্যাচের প্রায় অর্ধেকটা তারা খেলেছে ১০ জন নিয়ে। তিন মিনিটে এগিয়ে যায় ইন্টার, সেট ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে গোল করেন ওয়াল্টার স্যামুয়েল। এরপর মিলানই আধিপত্য বিস্তার করে খেললেও গোল পায়নি। ৪৮ মিনিটে নাগাতোমো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার। কিন্তু দশের বিপক্ষে এগারোর সুবিধা নিয়েও গোল বের করতে পারেনি মিলান। ম্যাচ শেষে মিলান কোচ মাসিমো অ্যালেগ্রি দুষেছেন রেফারিকে, ‘রেফারি খেলাটাকে ভীষণভাবে প্রভাবিত করেছেন। প্রথমার্ধের শেষে মাত্র ১২ সেকেন্ড অতিরিক্ত সময় যোগ করা তো একটা টেকনিক্যাল ত্রুটিই।’ মন্তোলিভোর একটা গোল রেফারি বাতিল করেছেন, সেটা নিয়েও অ্যালেগ্রি ক্ষুব্ধ। তবে ইন্টার কোচ আন্দ্রেয়া স্ত্রামাচ্চিওনি রেফারির সমালোচনায় যেতে চাননি। মিলানের দুর্দশার প্রহর আরেকটু দীর্ঘ হয়েছে, সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে এখনো ১২ পয়েন্ট পিছিয়ে। শিরোপাটা এখন দূরের বাতিঘর, তবে অ্যালেগ্রি হাল ছাড়তে নারাজ, ‘চ্যাম্পিয়নশিপ এখনো শেষ হয়ে যায়নি। আমি এখনো নির্ভার আছি।’ জুভেন্টাসও রোববার ২-১ গোলে হারিয়েছে সিয়েনাকে, গোল করেছেন পিরলো ও মার্কিসিও। নাপোলিও উদিনেসেকে ২-১ গোলে হারিয়ে টক্কর দিচ্ছে জুভেন্টাসের সঙ্গে। দুই দলেরই পয়েন্ট ১৯, জুভেন্টাস এগিয়ে শুধু গোল-ব্যবধানে।ফ্রান্সের শিরোপাপ্রত্যাশী মার্শেই ও পিএসজি কাকতালীয়ভাবে ফলাফলে তো বটেই, স্কোরলাইনটাকেও এল ক্লাসিকোর সঙ্গে দারুণভাবে মিলিয়েছে। মার্শেইয়ের আদ্রেঁ পিয়েরে জিনিয়্যাক ও পিএসজির ইব্রাহিমোভিচের ২ গোলে ম্যাচটা শেষ হয়েছে ২-২ গোলে। মার্শেইয়ের জয়রথ থেমেছে বটে, তবে শীর্ষে তাদের অবস্থানের কোনো নড়চড় হয়নি। ৩ পয়েন্ট পেছনে থেকে পিএসজি আছে দ্বিতীয় স্থানেই।ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে মানচেস্টার ইউনাইটেড। দারুণ আক্রমণাত্মক দলই নামিয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। রুনি, ওয়েলবেক, কাগাওয়া, ফন পার্সি—সবাই ছিলেন প্রথম একাদশে। গোল করেছেন এভরা, ইভান্স ও ক্লেভারলি। লিভারপুল আবার হোঁচট খেয়েছে, অ্যানফিল্ডে স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এএফপি, রয়টার্স।