এসি মিলানের সভাপতি সিলভিও বেরলুসকোনি উড়ে গিয়েছিলেন দলের অনুশীলনে। দুঃসময়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা দলকে অনুপ্রাণিত করাই ছিল উদ্দেশ্য। সভাপতির টোটকা একেবারে বৃথা যায়নি, নাপোলির মাঠ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে আনতে পেরেছে মিলান। আপাতত তাই একটু স্বস্তি পাচ্ছেন মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। জোড়া গোল করেছেন ফর্মে থাকা স্ট্রাইকার স্টেফান আল শারাউয়ি।শুরুতে অবশ্য ২ গোলে এগিয়ে গিয়েছিল নাপোলি। এর পরই দুর্দান্তভাবে ম্যাচে ফেরে মিলান। যাঁর কারণে ড্র করা সম্ভব হলো, সেই এল শারাউয়ি উচ্ছ্বসিত, ‘আমরা আসলেই ভালো খেলেছিলাম। বিশেষ করে প্রথমার্ধে। তারপর একটা ভুলের কারণে পিছিয়ে পড়েছিলাম এক গোলে। কিন্তু শেষ পর্যন্ত আমরা খুশি। প্রেসিডেন্টও খুশি।’ কাল ক্যালিয়ারির সঙ্গে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে ইন্টার মিলান। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট ইন্টারের। আটালান্টাকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ফিওরেন্টিনা। নাপোলি নেমে গেছে চারে। লাৎসিওর সঙ্গে গোলশূন্য ড্র করে অবশ্য এখনো শীর্ষে আছে জুভেন্টাস। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। জার্মান লিগে নুরেমবার্গ রুখে দিয়েছে বায়ার্ন মিউনিখকে, ড্র করেছে ১-১ গোলে।ফ্রেঞ্চ লিগে ঘটেছে অঘটন। ৯ জনের রেনের কাছে ২-১ গোলে হেরে গেছে ইব্রাহিমোভিচের প্যারিস সেন্ট-জার্মেই। হারের পর পিএসজি কোচ কার্লো আনচেলোত্তির কথা, ‘আমি এখানে একটি দল গড়তে এসেছি, যেটা এখনো করতে পারিনি। ঘরের মাঠে টানা দুটি ম্যাচে হেরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ এএফপি।