মিলিতোর চার গোলেও ইন্টারের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গডিয়েগো মিলিতোর চার গোলও জেতাতে পারল না ইন্টার মিলানকে। স্ট্রাইকার ফ্যাবরিজিও মিকোলির পাল্টা হ্যাটট্রিকে ইন্টারকে ৪-৪ গোলে রুখে দিয়েছে পালের্মো। গোলবন্যার ম্যাচে দুবার পিছিয়ে পড়ে ইন্টার ড্র করতে পারলেও সিরি ‘আ’র তুষারঝরা রাতে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ০-২ গোলে হেরেই গেছে লাৎসিওর কাছে। হেরেছে লাৎসিওর নগরপ্রতিদ্বন্দ্বী এএস রোমাও। ক্যালিয়ারির কাছে তাদের হার ৪-২ গোলে। প্রবল তুষারপাতে পরশু রাতে হতে পারেনি তিনটি ম্যাচ। আগের দিন পরিত্যক্ত হয় জুভেন্টাস-পার্মা ম্যাচটিও। এ সুযোগে জিতলে তো বটেই ড্র করলেও গোল ব্যবধানে শীর্ষে উঠে যেত এসি মিলান। উল্টো হেরে এক ম্যাচ বেশি খেলেও জুভদের চেয়ে এক পয়েন্ট পেছনেই রইল চ্যাম্পিয়নরা। খেলার শেষ ১৪ মিনিটে হারনানেস (৭৭) ও টমাসো রোচ্চির (৮৫) গোলে জিতে পয়েন্ট টেবিলের চারে উঠে আসে লাৎসিও।সান সিরোতে ১৭ মিনিটে পালের্মোকে ১-০ গোলে এগিয়ে নেন আন্দ্রিয়া মন্তোভানি। ৫ মিনিট পরই ইন্টারকে সমতায় ফেরান মিলিতো। প্রথমার্ধেই গোল এই দুটিই। দ্বিতীয়ার্ধে মিকোলি ৫২, ৬৬ ও ৮৫ মিনিটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। মিলিতোর বাকি গোল তিনটি আসে ৫৫, ৬১ ও ৬৯ মিনিটে।এই চার গোলে লিগে ১২ গোল হয়ে গেল মিলিতোর। এর নয়টিই করেছেন শেষ ৬ ম্যাচে। এর আগের ৬ ম্যাচে গোলের দেখা পাননি আর্জেন্টাইন স্ট্রাইকার। টানা সাত জয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠে আসা ইন্টার আগের ম্যাচেই হেরেছে লেচ্চের কাছে। পুরো ম্যাচে প্রাধান্য দেখিয়েও পয়েন্ট খোয়ানোয় হতাশ কোচ রানিয়েরি বলেছেন, ‘এটাই ফুটবল। আমি বেশ হতাশ, কারণ পালের্মো পাঁচটি শটেই চারটি গোল পেয়েছে।’এদিকে বোল্টনের সঙ্গে পরশু গোলশূন্য ড্র করে হতাশ আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাতে নেমে গেছে শেষ ৮ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পাওয়া গানাররা। তবে ওয়েঙ্গার বেঁচে গেছেন একটি লজ্জার হাত থেকেও। হারলে আর্সেনালে ১৬ বছরের কোচিং ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ম্যাচ হারতেন। তবে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার আশা এখনো ছাড়ছেন না এই ফরাসি। এই রাতেই ব্ল্যাকবার্নকে ২-০ গোলে হারিয়ে লিভারপুল-আর্সেনালকে টপকে পাঁচে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। এএফপি, রয়টার্স।