মিলিতোর জীবনের শ্রেষ্ঠ অনুভূতি
ডিয়েগো মিলিতোর জীবনে এমন আনন্দের রাত আর আসেনি। ১৯৬৫ সালের পর এই প্রথমবারের মতো ইউরোপ-সেরা ইন্টার মিলান। আর সেই সাফল্যের সার্থক রূপকার তিনি। তাঁর জোড়া গোলেই ইউরোপ সেরার মুকুট পেয়েছে ইন্টার। ক্লাবের ইতিহাসের অংশ হয়ে যাওয়ার পর যারপরনাই আনন্দিত এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এত আনন্দের অনুভূতি জীবনে আর কখনো পাননি বলে স্বীকার করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলের অন্যতম এই সদস্য।ইন্টারের হয়ে প্রথম সিরি আ অভিযানেই ২২ গোল করেছেন মিলিতো। তবে বেশ কয়েক দিন ধরেই তাঁর ইন্টারে থাকা-না থাকা নিয়ে জোর গুজব। দলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেওয়ার পর ইতালির এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। এটা একটি সম্ভাবনা। আমি এখনো ভাবছি।’একাই দুটি গোল করে ৪৫ বছর পর ইন্টারকে শিরোপা উপহার দিয়েছেন মিলিতো। তাঁকে ঘিরেই চলছে ইন্টারের শিরোপা উত্সব। ম্যাচ শেষে মিলিতো বলেন, ‘এ রকম আনন্দ অনুভূতি কখনো পাইনি আমি। এটা অবিশ্বাস্য। আমার সবাই মিলে এটা জয় করেছি।’বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলাটি যথেষ্ট ঝুঁকি নিয়ে খেলেছেন মিলিতো। বায়ার্নের খেলোয়াড়েরা বার কয়েক তাঁকে আঘাত করার চেষ্টা করেছেন। বিশ্বকাপ সামনে রেখে আঘাতের ঝুঁকি নিয়েও নিজের মতো খেলে গেছেন মিলিতো। বয়স তাঁর ৩০ হয়ে গেছে। এ বয়সেও প্রতিনিয়ত শিখে যাচ্ছেন বলে জানিয়েছেন মিলিতো। তিনি বলেছেন, ‘প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে আমাকে। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আজ দলের জন্য কিছু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’