মিলুটিনোভিচের বাজি এখন ব্রাজিল

আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সত্তর ছুঁয়ে ফেলছেন। বোরা মিলুটিনোভিচকে দেখে তা বোঝার উপায় নেই। চুল পেকে সাদা? সে তো অনেক দিনই এ রকম। আর কোথাও বয়সের চিহ্ন নেই। শরীরটা এখনো বেতের মতো ছিপছিপে। মুখে অমলিন সেই হাসি এবং এখনো আগের মতোই ‘ফুটবলে বাঁচেন, ফুটবলে মরেন’।
এই বিশ্বকাপে তাঁর চারটি দল। ভুল পড়েননি, চারটি দলই। কোনোটির সঙ্গেই সরাসরি জড়িত নন। তার পরও মেক্সিকো, কোস্টারিকা, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়াকে এখনো ‘নিজের দল’-ই মনে করেন। এই বিশ্বকাপে থাকলে চীনকেও তা-ই মনে করতেন।
১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকো। কোচ বোরা মিলুটিনোভিচের বিশ্বকাপ-অভিযাত্রাও শুরু সেবারই। পরের চারটি বিশ্বকাপে কোস্টারিকা, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও চীন। ভিন্ন পাঁচটি দলকে নিয়ে বিশ্বকাপে কোচিং করানোর রেকর্ডে মিলুটিনোভিচের সঙ্গী আছেন একজন। ব্রাজিলের কার্লোস আলবার্তো পাহেইরা। একটি জায়গায় অবশ্য তাঁকেও ছাড়িয়ে। একমাত্র চীনকে নিয়ে পারেননি, বাকি চারবারই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে মিলুটিনোভিচের দল। চারটি ভিন্ন দেশকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তোলার কীর্তি আর কোনো কোচের নেই।
ওই দেশগুলোর সাংবাদিকদের কাছেও একই রকম আপন। গত পরশু আর্জেন্টিনা ম্যাচের আগে রিওর মিডিয়া সেন্টারে ঢুকতেই তাঁকে ঘিরে ভিড়। সবার সঙ্গেই হাসিমুখে কথা বলছেন। একজনের সঙ্গে কথা শেষ হতে না-হতেই আরেকজনের ‘বোরা, বোরা’ বলে চিৎকারেও কোনো বিরক্তি নেই। মুখ থেকে হাসিটাও মুছছে না। ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। মাতৃভাষা সার্বিয়ানে তো অবশ্যই। বাংলাদেশ ও ভারতের দুই সাংবাদিকের সঙ্গে ইংরেজিতে কথা বলতে বলতেই মেক্সিকান টেলিভিশনকে স্প্যানিশে সাক্ষাৎকার দিলেন। যা শেষ হওয়ার পর জানালেন, মেক্সিকো তাঁর কাছে প্রথম প্রেমের মতো, ‘কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মেক্সিকোর হয়েই। এটা হলো প্রথম প্রেমের মতো, প্রথম প্রেম কি ভোলা যায়?’
কোচ মিলুটিনোভিচের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপও ওটাই। নিজেদের দেশে মেক্সিকো কোয়ার্টার ফাইনালে উঠে হেরেছিল টাইব্রেকারে। এখনো যা বিশ্বকাপে দেশটির সেরা সাফল্য হয়ে আছে। পরের বিশ্বকাপটিকেও কাছাকাছি রাখতে চান। সেবার যে সবাইকে চমকে দিয়ে তাঁর দল কোস্টারিকা উঠে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। সেই কোস্টারিকা এবার প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে দিয়ে উপহার দিয়েছে এর চেয়েও বড় চমক। যে প্রসঙ্গ ওঠায় মিলুটিনোভিচের মুখের হাসিটা আরও চওড়া হলো।
গত দুটি বিশ্বকাপের মতো এবারও তাঁর গলায় ঝোলানো অ্যাক্রিডিটেশন কার্ডটাতে ‘সাংবাদিক’ পরিচয়। এর আগে কোচ, এরও আগে দর্শকের ভূমিকায় দেখেছেন বিশ্বকাপ। আঙুলের কর গুনে জানালেন, এটি তাঁর ১১তম বিশ্বকাপ। এতগুলো বিশ্বকাপে এত সব গ্রেট খেলোয়াড়কে দেখেছেন, আলাদা করে কারও নাম বলতে পারলেন না, ‘ডিফিকাল্ট টু সে। সো মেনি অব দেম।’ একটু পরই মাঠে নামছেন লিওনেল মেসি। অবধারিত প্রশ্নটা তাই হলো, মেসিও কি থাকবেন তাঁদের সারিতে? মিলুটিনোভিচ উত্তর দিলেন, ‘বিশ্বকাপ জিততে পারলে অবশ্যই মেসি সর্বকালের সেরাদের কাতারে স্থান পাবে।’ বলার পর নিজেই আবার স্বগতোক্তির মতো করে বললেন, ‘না জিতলেই বা কী, ফুটবল তো আর একার খেলা নয়।’
এই বিশ্বকাপে তাঁর চোখে ফেবারিট কোন দল? মিলুটিনোভিচ চোখ টিপে বললেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি স্পেনকেই ফেবারিট ভেবেছিলাম। এখন বলব, ব্রাজিল।’ সম্ভাব্য সেরা খেলোয়াড়? ‘যে দল বিশ্বকাপ জেতে, সেই দলের কারও সেরা হওয়ার সম্ভাবনাই তো বেশি।’
২০০২ বিশ্বকাপের পর হন্ডুরাস, জ্যামাইকা ও ইরাক জাতীয় দলকে কোচিং করিয়েছেন। সর্বশেষ ইরাককে ২০০৯ সালে। যুক্তরাষ্ট্রকে ১৯৯৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তোলার পর মার্কিন এক ফুটবল কর্তা মিলুটিনোভিচকে ‘মিরাকল ওয়ার্কার’ নাম দিয়েছিলেন। সর্বশেষ তিনটি দায়িত্বে অবশ্য অলৌকিক কিছু ঘটাতে পারেননি। হন্ডুরাস ও জ্যামাইকাপর্ব তো শেষ হয়েছে চরম তিক্ততায়। আবার কি ফিরবেন কোচিংয়ে? বিশ্বকাপ এলে ইচ্ছা করে না, আবার ডাগ-আউটে দাঁড়াই?
‘এই বয়সে আবার? নির্ভার জীবনটাই বরং একটু উপভোগ করি’ বলার পর একটু থামলেন। তার পর ওপরের দিকে মুখ তুলে বললেন, ‘শুধু উনিই জানেন।’