মিলে যাচ্ছে ইতিহাস
১৯৯৪ সালের সেই উদ্যাপনের বিখ্যাত ছবিটা নিশ্চয়ই ভুলে যাননি! হল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র কদিন আগে ছেলে ম্যাথিউসের জন্ম হয়েছিল। আর এ কারণেই গোলের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বেবেতো কোলে অদৃশ্য শিশুকে দুলুনি দেওয়ার বিখ্যাত সেই উদ্যাপনের সূচনা করেন। সেদিন সেই উদ্যাপনে তাঁর সঙ্গী ছিলেন রোমারিও।সেদিনের সদ্যোজাত ম্যাথিউসের বয়স এখন ১৭। বাবার মতো ফুটবলার হয়েছে সেও। খেলে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর যুবদলে। রোমারিওর ছেলে রোমারিনহো এখন ফুটবলার। খেলে ভাস্কো ডা গামার যুবদলে। এই দুটি দলই অংশ নিচ্ছে ব্রাজিলের অনূর্ধ্ব-১৮ যুব চ্যাম্পিয়নশিপ কোপা সাও পাওলো ডি ফুটবল জুনিয়র টুর্নামেন্টে। সংক্ষেপে কোপা সাও পাওলো বা কোপিনহা নামে পরিচিত এই টুর্নামেন্টে মুখোমুখি সেই ম্যাথিউস আর রোমারিনহো!বাবাদের মতো ঠিক আক্রমণ ভাগে নয়, এই দুই ছেলেই খেলে মাঝমাঠে। দুজনই অ্যাটাকিং মিডফিল্ডার। ম্যাথিউসের তো এরই মধ্যে বেশ নামডাকও হয়ে গেছে। তবে গুঞ্জন আছে রোমারিনহোকে নিয়ে। নিন্দুকেরা বলে, বাপের জোরেই ভাস্কো ডা গামায় ঠাঁই পেয়েছে সে। নিন্দুকেরা প্রশ্ন তুললেই রোমারিও তাঁর সেরাটা বের করে দিতেন। দেখা যাক, রোমারিনহো আসলেই ‘বাপ কা বেটা’ হতে পেরেছে কি না! ওয়েবসাইট।