মিশন বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান রায়টা দিয়েই দিলেন। আশপাশের পরিবেশসহ কিছু জিনিস এখনো গুছিয়ে আনার অপেক্ষায়। তবে অধিনায়কের চোখে, প্র্যাকটিসের জন্য বাংলাদেশের সেরা জায়গা এখন সম্ভবত শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমির মাঠটাই।এর আগে ঢাকার দু-একটা ক্লাব আর বয়সভিত্তিক পর্যায়ের কোনো কোনো দল এ মাঠে অনুশীলন করেছে। তবে জাতীয় দলের অনুশীলনের জন্য সেটির ‘উদ্বোধন’ হলো কালই, বিশ্বকাপ প্রস্তুতির প্রথম দিনে।জানুয়ারিতে স্কুলপড়ুয়াদের মধ্যে নতুন বই পাওয়ার যে রোমাঞ্চ, কাল নতুন মাঠ হয়তো সেই রোমাঞ্চই দিল ক্রিকেটারদের। তার ওপর প্রথম দিনের অনুশীলনটাও একটু হেলেদুলেই হয়েছে। আগের দিন যাঁরা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন, সকালে টিম মিটিংয়ের পর তাঁরা সোনারগাঁও হোটেলে চলে গেছেন জিম আর সুইমিং করতে। বাকিরা ঘণ্টা দুয়েক আয়েশি অনুশীলনই করলেন নতুন সবুজ মাঠটাতে। বোলারদের নিয়ে একপাশে আলাদা কাজ করেছেন বোলিং কোচ ইয়ান পন্ট। জেমি সিডন্স থাকলেন নেটের আশপাশে। আর ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন কখনো বোলারদের ভিড়ে, কখনো নেটের কাছে।অনুশীলন শেষে সাকিবও জানিয়েছেন, প্রথম দিনটা মূলত বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনাতেই কেটেছে। আর প্রিমিয়ার লিগ এখনো শেষ হয়নি বলে আপাতত সবার দৃষ্টিটা সেদিকেই, ‘এবারের লিগে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় ভালো করছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। সবাই আত্মবিশ্বাসী থাকবে বিশ্বকাপের সময়। রান যেখানেই করুক, উইকেট যেখানেই পাক একটা আত্মবিশ্বাস কিন্তু কাজ করে।’অনুশীলন যা-ই হোক, বিশ্বকাপ প্রস্তুতির প্রথম দিনে একটা দাবি জোরেশোরেই তুলেছেন বাংলাদেশের অধিনায়ক। দাবিটা স্পিন বোলিং কোচের, ‘একজন স্পিন কোচ হলে খুব ভালো হতো। আমাদের পাঁচ-ছয়জন স্পিনার আছে। মূল অস্ত্রও যেহেতু স্পিন বোলিং, বিশেষজ্ঞ কোচ থাকা খুবই দরকার। সেটা বাইরের হতে পারে, দেশেরও হতে পারে। স্পিন কোচের দু-একটা কথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সুবিধাটা এখন আমরা পাচ্ছি না।’ কোচ জেমি সিডন্সের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে নাকি বোর্ডের সঙ্গেও কথা বলার ইচ্ছা তাঁর।তবে এ বিষয়ে সিডন্সের মতটা একটু অন্য রকমই, ‘এ রকম একজন হলে হয়তো ভালোই হয়। তবে ইয়ান পন্ট তো শুধু পেস বোলিং কোচ নয়। আমিও বোলিং কোচ, জুলিয়েন ফাউন্টেনও। আমরা শুধু ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং কোচ নই। আমরা সবাই লেভেল থ্রি, ফোর করা কোচ। কাজেই স্পিনারদের সঙ্গে আমরাও কাজ করতে পারি।’ বাংলাদেশ দলে এখন সব মিলিয়ে তিনজন কোচ। একটা দলে সব মিলিয়ে কতজন কোচ লাগতে পারে, সেই প্রশ্নেও একটা সীমারেখা টানা উচিত বলে মনে করছেন সিডন্স।বিশ্বকাপ চাপ কি না—সেই প্রশ্নেও দেখা গেল সাধারণ ধারণার সঙ্গে কোচের দ্বিমত। সিডন্স বারবারই বোঝাতে চাইলেন, বিশ্বকাপ আলাদা কিছু নয়, আর একটা টুর্নামেন্ট মাত্র—‘ছেলেদেরও বলেছি, আমার কাছে এটা আরেকটা টুর্নামেন্টের মতোই। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা কিন্তু আর একটা সাধারণ ম্যাচই। খেলোয়াড়েরা যদি ভাবতে শুরু করে এটা বিশ্বকাপ, এটা অনেক বড় কিছু—কেউ ভালো খেলবে না। কাজেই আমি চাইছি বিষয়টা স্বাভাবিক রাখতে।’বিশ্বকাপে পিচ বদলাচ্ছে না। আউটফিল্ডও সেই আগেরটাই। বিশ্বকাপ বলে এখানে বোলিংটা কারও বেশি ভালো হয়ে যাবে না, ব্যাটসম্যানরাও পারবে না বিশেষ কিছু করতে—এসব যুক্তি দাঁড় করিয়েছেন কোচ তাঁর বিশ্বকাপ-দর্শনের পক্ষে। তবে সিডন্স নিজেও বোধ হয় এই দর্শনটা বিশ্বাস করেন না। কোচের কথায়ও মিলল সেই ইঙ্গিত, ‘আপনারাই চাপটা তৈরি করছেন। আমার কাজ হলো এই চাপটা কমিয়ে এনে তাদের নির্ভার রাখা। আর আমি তো সব সময়ই বলি স্কোর বোর্ড কোনো ব্যাপার না। কেউ একজন বল করছে এবং আমাকে ব্যাট করতে যেতে হবে, এই হলো ব্যাপার।’কোচের এই দর্শন মেনেও যদি ঘরের মাঠের বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখা যায়, ক্ষতি কী! তখন নিশ্চয়ই সিডন্স বলবেন না, এত লাফানোর কী আছে! এটা তো আর একটা সাফল্যের মতোই...।