মিশন ‘হেক্সা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু অন্য রকম ব্যস্ততার একটা দিন কাটালেন লুলা ডা সিলভা। এত্ত বড় দেশের রাষ্ট্রপ্রধান। ব্যস্ততা তো তাঁর নিত্যসঙ্গী। না, রোজকার ব্যস্ততার সঙ্গে পরশুর মিল ছিল না মোটেও। এদিন সিলভা যে নিজে আয়তন ও জনসংখ্যা দু দিক দিয়েই বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশটির পক্ষ থেকে বিদায় জানালেন ব্রাজিল দলকে। প্রায় সাড়ে ১৯ কোটি মানুষের স্বপ্ন, আশা আর আকাঙ্ক্ষা বুকে নিয়ে গতকালই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।অতিথি ৩১ দলের মধ্যে সবার আগে অবশ্য পৌঁছেছে অস্ট্রেলিয়া। এর ঠিক ১২ ঘণ্টা পরে জোহানেসবার্গের মাটি স্পর্শ করে কাকা-রবিনহোদের বয়ে নিয়ে যাওয়া বিমান। যে বিমানের সঙ্গে বয়ে এসেছে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নও। এরপর বর্ণিল একটা বিলাসবহুল বাসে করে ২৩ খেলোয়াড় এবং কোচ-কর্মকর্তাদের দলটিকে নিয়ে যাওয়া হয় হোটেলে। জোহানেসবার্গ শহরের উত্তরের উপকণ্ঠে একটি গলফ কোর্সের পাশেই উঠেছে ব্রাজিল। এখানেই একটা স্কুলমাঠে অনুশীলন করার কথা তাদের।জোহানেসবার্গে অবশ্য এক বছর আগেই ঘুরে গেছে ব্রাজিল, বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপ খেলতে। ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও শিরোপা জিতেছিল কার্লোস দুঙ্গার দলই। মহড়া অনুযায়ীই তো আসল নাটক মঞ্চায়নের কথা, নাকি?বাজির দরে অবশ্য ব্রাজিলের চেয়েও এগিয়ে আছে স্পেন। ব্রাজিল পড়েছেও সবচেয়ে কঠিন গ্রুপে। গ্রুপসঙ্গী পর্তুগাল, আইভরিকোস্ট আর উত্তর কোরিয়া বলে ‘জি’ গ্রুপটাকেই বলা হচ্ছে এবারের ‘মৃত্যুকূপ’। ব্রাজিল এই দলটাতে তারকার ছড়াছড়ি নেই। তবে, ২০০৬ বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়া দুঙ্গা নতুন করে গড়ে তুলেছেন দলটাকে। হুলিও সিজার, মাইকন, কাকা, লুইস ফ্যাবিয়ানোরা দুটো বড় ট্রফিও জিতেছেন। এবার মিশন ‘হেক্সা’র।ব্রাজিলের বিশ্বকাপ শুরু হবে ১৫ জুন, উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। পাঁচ দিন পর আইভরিকোস্ট, আরও পাঁচ দিন পর পর্তুগাল। রোনালদিনহো, আদ্রিয়ানো, পাতো, নেইমারদের বাদ দিয়ে সমালোচনার জন্ম দেওয়া দুঙ্গা ১১ জুলাই ট্রফিটি হাতে নিতে পারলে সেটি হবে অধিনায়ক এবং কোচ দুই ভূমিকাতেই শিরোপা জেতার মাত্র দ্বিতীয় নজির। প্রথম জন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।প্রেসিডেন্ট ডা সিলভার জন্য এটি অবশ্য হবে প্রথম শিরোপা। ২০০২ বিশ্বকাপ জেতার পরের বছর নির্বাচিত হন তিনি। গত বিশ্বকাপে অনেক আশা নিয়ে তাকিয়ে ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় দল। আর মাত্র ছয় মাস ক্ষমতায় আছেন সিলভা। তাঁর আগের দুই প্রেসিডেন্ট ফার্নান্দো হেনরিক কারডাসো এবং ইটামার ফ্রাঙ্কো দুজনই পেয়েছেন বিশ্বকাপের স্বাদ। সিলভাই বা বঞ্চিত হবেন কেন?পরশু ব্রাসিলিয়ায় নিজের বাসভবনে প্রত্যেক ফুটবলার আর কর্মকর্তাকে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা জানিয়ে বিদায় দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মারিসা লেটিসিয়াও, যাঁর পরনে ছিল ব্রাজিলের হলুদ জার্সি। এরপর ফুটবলারদের সঙ্গে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অনেক কথাই হয়েছে নিশ্চয়ই। কী বলেছেন কে জানে। তবে একটি বাক্য অনুমান করেই নেওয়া যায়। ‘যাও, জিতে এসো!’ এএফপি, রয়টার্স।