মিশ্র-কোহলি জেতালেন ভারতকে
অল্পদিনেই মন জিতে নিয়েছেন একজন। হয়ে উঠেছেন দলের বড় ভরসা। আরেকজন এই জগতের পুরোনো বাসিন্দা। কিন্তু ঠিক মানিয়ে নিতে পারেননি এখনো। আড়াই মাসে ১০টি ম্যাচ খেলেছেন প্রথমজন। আরেকজন ৮ বছরের পথচলায় মাত্র ১২টি। কিন্তু পরশুর ম্যাচে দেখা গেল দুজনের উল্টো রূপ। নিজেকে প্রমাণের লড়াইয়ে থাকা অমিত মিশ্র করলেন ক্যারিয়ার-সেরা বোলিং। ম্যাচ জিতে সিরিজে ২-০-তে এগিয়ে গেল তাঁর দল ভারত। আর দেবেন্দ্র বিশু পারলেন না প্রত্যাশা পূরণ করতে। ওয়েস্ট ইন্ডিজও হারল ৭ উইকেটে।ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটাকে পরশু দুই ভাগে ভাগ করা যায়। ৩৫.৫ ওভার প্রথম ভাগ, রান ছিল ২ উইকেটে ১৭৫। ২৮০-২৯০ রানকেও অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু সেই পুরোনো রোগ আবার চেপে বসল, উইকেট ছুড়ে দিয়ে এলেন দুই সেট ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান ও মারলন স্যামুয়েলস। এর পরই দৃশ্যপটে মিশ্র। ব্যাটিং পাওয়ার প্লেতে পোলার্ড-ব্রাভোদের সামনে লেগ স্পিন আনার দুঃসাহসী বাজি ধরলেন অধিনায়ক সুরেশ রায়না। নিজেকে প্রমাণের চ্যালেঞ্জটা লুফে নিলেন মিশ্র, পোলার্ডকে ফেরালেন শূন্য রানে, পরের ওভারে টানা দুই বলে আউট ডোয়াইন ব্রাভো ও কার্লটন বাফ। এর আগে কার্ক এডওয়ার্ডসকে আউট করে ৫৭ রানের উদ্বোধনী জুটি ভেঙেছিলেন মিশ্রই। পাওয়ার প্লের দুই ওভারে ১ রান দিয়ে ৩ উইকেট, ম্যাচে ৩১ রানে ৪। উইন্ডিজ তুলতে পারল মাত্র ২৪০। বিস্ময়করভাবে ম্যাচসেরার পুরস্কারটা পাননি, তবে অধিনায়কের উচ্ছ্বসিত প্রশংসা ঠিকই মিলেছে, ‘পাওয়ার প্লেতে মিশ্র যেভাবে বোলিং করেছে, অবিশ্বাস্য!’ রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে মিশ্রকে টানা দুই ম্যাচ খেলালেন রায়না। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারাটাও নিশ্চয়ই মিশ্রর জন্য ছিল বড় স্বস্তি।বৃষ্টিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ১৮৩। দ্বিতীয় উইকেটে পার্থিব প্যাটেল (৫৬) ও বিরাট কোহলির (৮১) ১২০ রানের জুটিতেই নিশ্চিত হয়ে যায় জয়। ম্যাচসেরা কোহলিকে আউট করেছেন বিশু, কিন্তু ভারত ততক্ষণে জয়ের দোরগোড়ায়। একটি উইকেট পেয়েছেন বলেই নয়, বিশুর বোলিংয়ের সেই ধারটাও ছিল না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, অতিরিক্ত বোলিং করিয়ে শুরুতেই বিশুকে ক্লান্ত করে দেওয়া হচ্ছে কিনা। অধিনায়ক ড্যারেন স্যামি অভিযোগ কিছুটা মেনেও নিচ্ছেন, ‘ভালো করছে বলেই বিশুকে প্রতিটি ম্যাচ খেলানোর একটা প্রবণতা আছে। কিন্তু ও এখনো তরুণ, হয়তো ওর শরীর এই পর্যায়ে এখনই এত চাপ নিতে পারছে না। ব্যাপারটা নির্বাচকদের ভেবে দেখতে হবে।’আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ, অ্যান্টিগায়। ওয়েবসাইট।