মিশ্র জেতালেন হায়দরাবাদকে
এই পুনে ওয়ারিয়র্সের বিপক্ষেই প্রথম ম্যাচে ১২৬ রান করেও সানরাইজার্স হায়দরাবাদ জিতেছিল ২২ রানে। কাল নিজেদের মাঠে সেই সানরাইজার্সকে যখন পেল পুনে, পর্দায় ভেসে উঠল প্রতিশোধ শব্দটি। সানরাইজার্সকে মাত্র ১১৯ রানে আটকে রাখায় সেটা বাস্তবও মনে হচ্ছিল। কিন্তু কিসের প্রতিশোধ? উল্টো জিততে জিততে পুনেই হারল ১১ রানে। সানরাইজার্সের অবিশ্বাস্য জয়ের নায়ক অমিত মিশ্র। আইপিএলে নিজের তৃতীয় হ্যাটট্রিকই শুধু করেননি, মিশ্র এক ওভারে নিয়েছেন ৪ উইকেট। ১৯ বলে পুনের দরকার ছিল ১৯ রান। হাতে ৬ উইকেট। পুনে ১৩ বল খেলে নিতে পারে মাত্র ৭ রান, বিনিময়ে খোয়ায় ৬ উইকেট। মিশ্র নিজের শেষ এবং ইনিংসের ১৯তম ওভারটি করতে এসে দ্বিতীয় বলে ফেরান পুনের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তৃতীয় বলে ১ রান। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এক ওভার বাকি থাকতেই পুনে ১০৮ রানে অলআউট! দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। জয়পুরের ম্যাচটিতে টস জিতে ব্যাট নিয়ে রাজস্থান করেছিল ৩ উইকেটে ১৭৯ রান। সর্বোচ্চ ৬৮ রান (৫৪ বলে) করেন ম্যাচসেরা অজিঙ্কা রাহানে। ১৮০ রানের বড় লক্ষ্যের পেছনে ছোটা মুম্বাই ১৮.২ ওভারে অলআউট হয় ৯২ রানে। ওয়েবসাইট।