মিশ্রদের জন্য তৈরি ডুমিনিরা
ভারতীয় স্পিনাররা...এক সাংবাদিক শুধু এটুকু বলতে পারলেন। মাঝপথেই জেপি ডুমিনির হাসি, যেন জানতেন প্রথম প্রশ্ন এটাই হবে! জবাবটা হয়তো তৈরিই ছিল। তবু হাসি থামিয়ে প্রশ্নটা শেষ করতে দিলেন। তারপর বললেন, ‘হ্যাঁ, আমরা জানি তো ভারতীয় স্পিনাররা খুব ভালো করছে এখানে। আমাদের ওদের বিপক্ষে খেলতে হবে। এটা বেশ বড় চ্যালেঞ্জ। ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
ডুমিনিরা যে বিশেষভাবেই প্রস্তুতি নিচ্ছেন সেটা কাল বিকেলে বিসিবি একাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার অনুশীলন দেখেই বোঝা গেল। আমলা-ডি ভিলিয়ার্স আর ফ্যাফ ডু প্লেসিসরা নেটে স্টেইন-সতসোবেকে যত না খেললেন তার চেয়ে বেশি খেললেন ইমরান তাহিরকে। এমনকি নিজের ব্যাটিং শেষ করেই সতীর্থদের স্পিন করে গেছেন ডুমিনিও। ৪ এপ্রিল মিরপুরের সেমিফাইনালে মিশ্র-অশ্বিনদের মুখোমুখি হওয়ার আগে এ ছাড়া যে উপায়ও নেই!
একটা জায়গায় অবশ্য সতীর্থদের চেয়ে এগিয়ে আছেন ডুমিনি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুবাদে অমিত মিশ্রকে সতীর্থ হিসেবে পেয়েছেন। কাছ থেকে দেখার সেই অভিজ্ঞতার কারণেই দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় স্পিনারকে নিয়ে বাড়তি সতর্কতা তাঁর, ‘আমি যেমন তার সঙ্গে খেলেছি, দলের আরও অনেকে তার বিপক্ষেও খেলেছে আগে। আমরা জানি ও কী করতে পারে।’
সুপার টেনের সবগুলো ম্যাচই দক্ষিণ আফ্রিকা খেলেছে চট্টগ্রামে। এই জায়গাটায় এগিয়ে ভারত। শুরু থেকে ধোনির দল সবগুলো ম্যাচ খেলেছে মিরপুরে। তবে সেমিফাইনালে প্রতিপক্ষকে এটা কোনো বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন না ডুমিনি, ‘এটা একটা নতুন ম্যাচ। আগে আপনি কোন পরিস্থিতিতে খেলেছেন, কীভাবে এতদূর এসেছেন তার কিছুই এখানে কোনো ভূমিকা রাখবে না। হ্যাঁ, জয়গুলো আপনাকে আত্মবিশ্বাস দেবে। তবে সেমিফাইনালে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’
টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল আগের বিশ্বকাপে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরেছিল মাত্র ১ রানে। তবে সাম্প্রতিক কালে টেস্ট ও ওয়ানডে দুটি সিরিজেই ভারতকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে তার পরও নিজের দলকে এগিয়ে রাখতে রাজি নন ডুমিনি, ‘আমরা সর্বশেষ কয়েকটা ম্যাচে ওদের বিপক্ষে সফল হয়েছি মানে এই নয় যে আবারও সফল হব। তার জন্য ওই নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে।’