মিস করছেন টেন্ডুলকারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টকে বিদায় নিয়েছেন মাত্রই দিন তিনেক হলো। এরই মধ্যে টেস্ট ক্রিকেট মিস করতে শুরু করেছেন মুত্তিয়া মুরালিধরন। ১৮ বছরের বন্ধন ছিন্ন হলে খারাপ তো লাগবেই। তবে স্পিন-জাদুকর সবচেয়ে বেশি মিস করছেন কোনটি জানেন? শচীন টেন্ডুলকারকে বোলিং করা!টেস্টে রান ও উইকেটের চূড়ায় বসে আছেন দুজন। শুধু এই রেকর্ডই নয়, টেস্টে ব্যাটিং-বোলিংয়ের বেশির ভাগ মূল রেকর্ডেরই মালিক এই দুজন। দুজনের লড়াইটাও হয়েছে জমজমাট, জয়ী বলা যায় দুজনকেই। ১৯ টেস্টে মুখোমুখি হয়েছেন মুরালি-টেন্ডুলকার। মুরালি যেমন সর্বোচ্চ আটবার শিকার করেছেন টেন্ডুলকারকে, তেমনই এই ১৯ টেস্টে টেন্ডুলকার রানও করেছেন ১২১৬। গড়টাও হূষ্টপুষ্ট, ৪৮.৬৪।টেন্ডুলকারকে বোলিং করা ক্রিকেটের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি। কিন্তু মুরালি জানাচ্ছেন, এই চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি উপভোগ করতেন তিনি, ‘ড্রেসিংরুমের পরিবেশটা আমি মিস করব, মিস করব পাঁচ দিনের ম্যাচের চ্যালেঞ্জটা। তবে সবচেয়ে বেশি মিস করব শচীন টেন্ডুলকারের মতো গ্রেটকে বোলিং করা...সত্যিই এটা মিস করব।’ ক্যারিয়ারের শেষ টেস্টে প্রমাণ করেছেন, ক্রিকেটটা চাইলেই আরও অনেক দিন খেলে যেতে পারতেন মুরালিধরন। বিদায়টাকে তার পরও ‘দ্রুত’ মানতে রাজি নন তিনি, ‘অনেক দিন থেকেই এটা নিয়ে ভাবছিলাম, মনে হয়েছে, এটাই ঠিক সময়। আমার স্ত্রীসহ অনেকেই অবশ্য চাইছিল, পুরো সিরিজটা যেন খেলি।’ জানালেন বিদায়ের মুহূর্তগুলো উপভোগ করেছেন দারুণভাবে, ‘সত্যি বলতে ৮০০ উইকেট পাওয়ার ব্যাপারে আমি খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। আমার ভাবনাতেই এসব ছিলই না, শুধু চাইছিলাম, দলের জয়। তবে প্রজ্ঞান ওঝার উইকেট নেওয়ার পরই মনে হলো আমার চেয়ে সুখী আর কেউ নেই। জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলোর এটি একটি, ওই মুহূর্ত কখনোই ভুলব না।’সবাই বলছে, মুরালির রেকর্ড ধরাছোঁয়ার বাইরে। মুরালি নিজে কিন্তু এমনটা ভাবছেন না, ‘খেলাটা ক্রিকেট, নিশ্চিত করে কিছুই বলা যায় না। হয়তো একদিন কেউ ৮০০-র বেশি উইকেট পেয়ে যাবে। আমি নিজেই তো খেলা শুরুর আগে ভাবতেও পারিনি বিশ্ব রেকর্ড গড়ব।’ ১৩৩ টেস্ট খেলা বোলার জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও, ‘আরও বছর দু-তিন টি-টোয়েন্টিটা খেলতে চাই। আইপিএল দল চেন্নাই সুপার কিংস চাইলে খেলতে চাই তাদের হয়ে। দৃষ্টিতে আছে আগামী বছরের বিশ্বকাপটাও। যদিও সিদ্ধান্তটা নির্বাচকদের। তবে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই।’মুরালির বিদায়ে বিশ্বজুড়ে সাবেক ক্রিকেটারদের অভিনন্দন আর প্রশংসার যে বন্যা বইয়ে গেছে, এতেও অভিভূত মুরালি, ‘গ্রেট বোলাররা যেভাবে আমাকে নিয়ে ভালো ভালো কথা বলেছেন, এটা সত্যিই সম্মানের। বিশ্বজুড়ে আমার অনেক বন্ধু, এতে আমি গর্বিত।’ ওয়েবসাইট।