মিসবাহ একজন পরিণত খেলোয়াড়, অধিনায়ক: ওয়াকার
পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক মিসবাহ-উল হকের উচ্চকিত প্রশংসা করেছেন কোচ ওয়াকার ইউনুস। গত ওয়েস্ট ইন্ডিজ সফরের রিপোর্টে মিসবাহকে একজন আদর্শ অধিনায়ক হিসেবে বর্ণনা করেছেন সাবেক এ পাকিস্তানি ফাস্ট বোলার।গতকাল রোববার পাকিস্তানের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডন এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে। সেই সংবাদে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পিসিবির কাছে পেশ করা ওয়াকার ইউনুসের এ প্রতিবেদনের ব্যাপারে আলোকপাত করা হয়। এ প্রতিবেদনে ওয়াকার বলেছেন, ‘পাকিস্তান দলকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার কৃতিত্বটা পুরোপুরিই মিসবাহর প্রাপ্য। সে দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।’ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহ অধিনায়ক হিসেবে ভালোই নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানকে। তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। চার ইনিংসে একটি সেঞ্চুরিসহ করেছিলেন ১৮১ রান। অধিনায়কত্বের চাপ সামলে মিসবাহর ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াকার। তিনি বলেছেন, ‘মিসবাহর পারফরমেন্সও ছিল দুর্দান্ত। সে সবাইকে খুবই অনুপ্রাণিত করেছে, যেন তারা ক্রিকেটটা উপভোগ করতে পারে।’ এর পাশাপাশি ৩৭ বছর বয়স্ক মিসবাহকে একজন ‘পরিণত’ ক্রিকেটার হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানি কোচ।এত প্রশংসার পরেও ওয়াকারের একটি সংশয় রয়েছে তাঁর অধিনায়ককে নিয়ে। বয়সটা ৩৭ হয়ে যাওয়াতে আগামী বিশ্বকাপে মিসবাহ খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন ওয়াকার। তাই এখনই মিসবাহর পাশাপাশি একজন নতুন অধিনায়কের সন্ধান শুরু করে দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি পিসিবিকে।