মিসবাহ ও হাফিজের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ-উল-হক ও মোহাম্মদ হাফিজের মধ্যে বিবাদ চলছে—গণমাধ্যমের খবর এমনটাই। তবে খবর অস্বীকার করেছেন তাঁরা।পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক মিসবাহ। হাফিজ আছেন টি-টোয়েন্টির নেতৃত্বে। গত মাসে দক্ষিণ আফ্রিকায় সফর চলার সময়ই তাঁদের মধ্যে বিরোধের খবর বেরোয়। দেশে ফিরেই সেটা অস্বীকার করেন মিসবাহ। তবে এর পরও গুঞ্জনটা থামেনি। সর্বশেষ এই গুঞ্জনে নতুন মাত্রা পায় গতকাল মঙ্গলবার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (চেয়ারম্যান) ইজাজ বাট অভিযোগ করেন, দলের প্রধান কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে জোট গড়েছেন মিসবাহ। আর এ কারণে হাফিজ দলে কোণঠাসা অবস্থায় আছেন।ইজাজ বাটের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকালই একসঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থিত হন মিসবাহ ও হাফিজ। তাঁরা দাবি করেন, তাঁদের মধ্যে বিবাদের যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্যি নয়।সংবাদ সম্মেলনে হাফিজ বলেন, ‘ইজাজ বাট একজন সম্মানিত ব্যক্তি। তাঁর এটা মনে রাখা উচিত ছিল যে, এ ধরনের বক্তব্য দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। আমাদের মধ্যে বিবাদ থাকার খবর ভিত্তিহীন। এ ধরনের খবর দলের জন্য মঙ্গলজনক নয়।’দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজে ‘ধবলধোলাই’ হয় পাকিস্তান। ওয়ানডে সিরিজে পাকিস্তান দল হারে ৩-২-এ। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলোতে খবর বেরোয়, এমন ফলাফলের কারণ পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্দ্বন্দ্ব। তবে এ খবরের বিরোধিতা করে মিসবাহ জানিয়েছিলেন, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তুলনামূলক ভালো খেলেছে বলেই পাকিস্তান ধবলধোলাই হয়েছে। গতকালও একই কথা বললেন মিসবাহ, ‘দক্ষিণ আফ্রিকায় আমি এটা বলেছি। দলের সঙ্গে দেশে ফেরার পরও একই কথা বলেছি। এখনও বলছি, দক্ষিণ আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই আমরা হেরেছি। হারের কারণ আমাদের মধ্যকার বিবাদ নয়।’ সূত্র: ডন।