মিসবাহ জানতেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট কার? উত্তরটা জানা না থাকলে অনুমান করুন...অনেক নামই ভিড় করতে পারে মাথায়। তবে ঠিক নামটা আসবে কি না সন্দেহ। ব্যাটিংই যাঁর মূল কাজ, সেই মোহাম্মদ হাফিজের নাম কার-ই বা মাথায় আসবে!কালকের আগে দুজন সঙ্গী অবশ্য ছিল হাফিজের। সেই নামগুলো জানলেও বুঝতে পারবেন, টি-টোয়েন্টি আসলে অলরাউন্ডারদেরই খেলা। শেন ওয়াটসন ও রবি বোপারা! ৮ উইকেট করে ছিল তিনজনেরই। হাফিজ ওই দুজনের চেয়ে একটি ম্যাচ কম খেলেছিলেন, সমান ম্যাচ খেলে হাফিজ এগিয়ে গেলেন ২ উইকেটে। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়েছেন, এটাও অবশ্য বিস্ময়কর কিছু নয়। এমন কিপটে বোলার হিসেবেই পরিচিত তিনি। কিন্তু অবাক করল তাঁকে দিয়েই বোলিং শুরু করানোটা।ফ্লাইট খুব একটা দেন না, স্টাম্প সোজা জোরের ওপর ক্রমাগত ভালো জায়গায় বল রেখে যান। নতুন বল হাতে তাই মোটামুটি নিয়মিতই দেখা যায় তাঁকে। টেস্টেও বোলিং ওপেন করেছেন। কিন্তু একদম প্রথম ওভারে কালই প্রথম। নিজে ব্যাটিংয়ের সময়ই মিসবাহ-উল হক বুঝতে পেরেছিলেন, এই উইকেটে শট খেলা কতটা কঠিন। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক জানালেন, চিন্তাটা তখনই এসেছে মাথায়, ‘উইকেটের বেশ কিছু জায়গায় বল পড়ে দারুণ টার্ন ও বাউন্স করছিল। এ জন্যই ভেবেছিলাম, স্পিন দিয়ে শুরু করাটাই ভালো। বোলিংয়ের ধরনের জন্যই হাফিজকে বেছে নিয়েছিলাম। ও সব সময়ই বল উইকেটে রাখে এবং টার্ন ও বাউন্স পায়।’মিসবাহর মতো নিজে ব্যাটিংয়ের সময়ই বোলিংয়ের ধারণা পেয়ে গিয়েছিলেন হাফিজও, ‘বুঝতে পেরেছিলাম, এই উইকেটে স্পিনারদের খেলা খুব কঠিন হবে। আমাদের লক্ষ্য ছিল, প্রথম ৬ ওভারে ওদের বেশি রান করতে না দেওয়া। আর ইদানীং নতুন বলে নিয়মিতই বোলিং করি, আত্মবিশ্বাস তাই ছিলই। অধিনায়ক আমার ওপর ভরসা রেখেছেন, আমি চেষ্টা করেছি শতভাগ দেওয়ার।’ শুধু এই বোলিংয়ের জন্যই ম্যাচ-সেরা হতে পারতেন। সেখানে আসল কাজ যেটি, সেই ব্যাটিংয়েও খারাপ করেননি। মাত্র ২৫ রান, কিন্তু এটাই যে দলের সর্বোচ্চ। তবে ম্যাচে মূল পার্থক্য গড়ে দিয়েছে তাঁর বোলিংটাই। ৪ ওভারের টানা স্পেল যখন শেষ করলেন, ৭ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ২১। ম্যাচ তো বলতে গেলে তখনই শেষ!বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বারবার বলছিলেন, এই উইকেটে শট খেলা কত কঠিন। উইকেট বিস্ময় উপহার দিয়েছে মিসবাহকেও। প্রথম ভেবেছিলেন, ১৫০-এর মতো রান হতে পারে এ উইকেটে। ধারণা পাল্টে যায় মাঠে নামার পর, ‘আমাদের শুরুটা ভালোই ছিল। মাঝে কিছুটা বিপর্যয়ের কারণে রান একটু কম হয়েছে। এ উইকেটে ১৪০-১৫০ রান করতে পারাটা হতো অসাধারণ কিছু। প্রথম ইনিংসের পরই আমরা বুঝতে পেরেছিলাম, এখানে ১৩০ ভালো স্কোর।’৫০ রানে জয়ের পর ১৩৫-ই অসাধারণ স্কোরও বলতে পারেন মিসবাহ!