মিসবাহই অধিনায়ক
পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে পরিবর্তন আসছে না। মিসবাহ-উল হকই অধিনায়ক হিসেবে থাকছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে পাকিস্তানি দৈনিক ‘ডন’।পাকিস্তানের গণমাধ্যমগুলোতে জোর গুঞ্জন—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা অধিনায়ক রাখার কথা ভাবছে বোর্ড। তবে এই গুঞ্জন নাকচ করে পিসিবির প্রধান জাকা আশরাফ পাকিস্তানের একটি সংবাদপত্রকে বলেছেন, ‘অধিনায়ক নির্বাচন নিয়ে এমন কোনো সিদ্ধান্ত আমরা নিইনি।’‘ডন’-এর খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করবে পাকিস্তানের নির্বাচক কমিটি। সেখানেই খোলাসা হবে সবকিছু। আশরাফ অস্বীকার করলেও এটা যে নিছক গুঞ্জন নয়, তা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকেই স্পষ্ট। গত সপ্তাহে সাবেক অধিনায়ক ইউনুস খান দলের নেতৃত্ব নিতে আগ্রহ প্রকাশ করে জানান, প্রস্তাব পেলে দলকে নেতৃত্ব দিতে রাজি আছেন তিনি। নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেন নতুন কোচ ডেভ হোয়াটমোর। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সাবেক অধিনায়ক শোয়েব মালিককে সমর্থন করেছেন তিনি। অধিনায়ক মিসবাহ সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি শুধু টেস্ট ক্রিকেটই খেলতে চাই না। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দিতে চাই। তবে সবকিছু নির্ভর করছে নির্বাচকদের ওপর। অনেকের অভিযোগ, আমি অতি রক্ষণাত্মক। তবে আমি পরিস্থিতি অনুযায়ী খেলি। দলের অধিনায়ক হিসেবে আমার ওপর বাড়তি দায়িত্ব থাকে।’মিসবাহ বলেন, ‘যখন আমার অভিষেক হয়, লোকে আমাকে বুড়ো বলত। আমার ভবিষ্যত্ ভালো হবে না বলেও মন্তব্য করেছিল অনেকে। কিন্তু পারফরম্যান্স নিয়ে তাঁদের কথা মিথ্যে প্রমাণ করেছি আমি। এখনো আমি একইভাবে আত্মবিশ্বাসী।’ বলেছেন ৩৮ বছর বয়সী মিসবাহ।