মিসবাহই থাকছেন অধিনায়ক

অধিনায়ক পরিবর্তনের কানাঘুষা ছিল পাকিস্তান ক্রিকেট দলে। ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে মিসবাহ-উল হককে সরিয়ে দেওয়ার ব্যাপারে আলাপ-আলোচনাও নাকি শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সব জল্পনায় পানি ঢেলে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নজম শেঠি স্বয়ং। বলেছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক থাকছেন মিসবাহ।
পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হয়েই মঈন খান দল নির্বাচনের চেয়ে অধিনায়কত্ব নিয়েই বেশি কথাবার্তা বলছিলেন। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মঈনের হয়তো ইচ্ছাও ছিল অন্তত ওয়ানডে দলের অধিনায়কত্বে একান্ত পছন্দের কাউকে নিয়ে আসা। কিন্তু অধিনায়কের পদটি ধরে রাখতে মিসবাহ পুরোপুরিই পাচ্ছেন বোর্ড সভাপতির সমর্থন।
পিসিবির সভাপতির হাতেই দলের অধিনায়ক নির্বাচনের সর্বসময় ক্ষমতা। সেই ক্ষমতাবলেই শেঠি জানিয়েছেন, ‘অন্তত আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত অধিনায়ক পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই।
মঈন খান পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক হওয়ার পর থেকেই নতুন অধিনায়কের আলোচনাটা খুব জোরালো হয়ে উঠেছিল। অনেকের মতেই ক্রিকেট বোর্ডের একটি শক্তিশালী অংশও মিসবাহকে টেস্ট অধিনায়ক রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের ভারটা শহীদ আফ্রিদির কাঁধে তুলে দেওয়ার পক্ষে। পিসিবিপ্রধান অবশ্য এ ধরনের কোনো কিছুর সম্ভাবনা নাকচই করে দিয়েছেন। বলেছেন, ‘এ ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত।’
২০১০ সাল থেকে মিসবাহ পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালের বিশ্বকাপের পর আফ্রিদি অধিনায়কত্ব থেকে সরে গেলে তিনি সেই দায়িত্ব গ্রহণ করেন। অধিনায়কত্ব নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনার এই সময় নিজেকে এক প্রকার গুটিয়েই রেখেছিলেন মিসবাহ। তবে ব্যাপারটা যে তাঁকে খুব প্রচণ্ড আহত করে চলেছে সেটা জানিয়েছেন পিসিবি সভাপতি নিজেই, ‘এসব অবান্তর আলোচনা মিসবাহকে আহত করেছে। আশা করছি এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে সব ধরনের কথাবার্তার অবসান হবে।’ পিটিআই।