মিসবাহকে অধিনায়ক করায় বিস্মিত আকরাম
অনেক দিন ধরেই পাকিস্তান দলে ছিলেন না মিসবাহ উল হক। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষেধাজ্ঞাও জারি হয়েছিল তাঁর ওপর। সম্প্রতি পাকিস্তান ক্রিকেটের টালমাটাল অবস্থার সুযোগে আবার দলে ফেরার সুযোগ হয়েছে মিসবাহর। কেবল দলেই ফেরেননি, হয়ে গেছেন একেবারে অধিনায়ক। মিসবাহকে অধিনায়ক করায় অনেকই অবাক হয়েছে। অনেকেই চটেছে পিসিবির ওপর। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম কোনো প্রকার রাখঢাক না রেখেই জানিয়েছেন, মিসবাহকে অধিনায়ক করায় তিনি রীতিমতো বিস্মিত।গত শনিবার ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাত্কারে আকরাম বলেছেন, ‘মিসবাহকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার কথা শুনে আমি খুব অবাক হয়েছি। সে দীর্ঘদিন দলের বাইরে ছিল। এ অবস্থায় অধিনায়ক হিসেবে তার দলে ফেরা বিস্ময়কর।’ অধিনায়ক নির্বাচন করার ক্ষেত্রে পিসিবির আরও দূরদর্শী হওয়া উচিত ছিল বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘পিসিবি যদি মিসবাহকে একটা সিরিজের জন্য অধিনায়ক নির্বাচন করে থাকে, তাহলে ঠিক আছে। কিন্তু তার বয়স এখন ৩৬। এটা মাথায় রেখে অধিনায়ক সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টা করা উচিত পিসিবির।’তবে কেবল বিস্ময় প্রকাশ করেই দায়িত্ব শেষ করেননি আকরাম। মিসবাহকে দিয়েছেন কিছু পরামর্শও। ওয়াসিম আকরামের মতে, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তির সংকট চলছে। ভাবমূর্তি ফেরানোই এ মুহূর্তে মিসবাহের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি বলেছেন, মিসবাহকে একই সঙ্গে দুটো কাজ করতে হবে। একটি নিজের পারফরম্যান্স ঠিক রাখা, আরেকটি গণমাধ্যমকে সামলানো। ওয়াসিম আকরাম মনে করেন, গণমাধ্যমকে সামলাতে গিয়ে মিসবাহকে চাপের মুখে পড়তে হবে।