মিসবাহতে মুগ্ধ ইমরান
তাঁকে মনে করা হয় পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক। সেই ইমরান খানই মুগ্ধ মিসবাহ-উল-হকের অধিনায়কত্বে। পাকিস্তানের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্যে বর্তমান অধিনায়কের বড় অবদান দেখছেন সাবেক অধিনায়ক। সেই সঙ্গে সাঈদ আজমলের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় একহাত নিয়েছেন ইংলিশদের।টাইগার পতৌদি স্মারক বক্তৃতা দিতে সম্প্রতি কলকাতায় এসেছেন ইমরান। সোমবার রাতে ওই বক্তৃতা শেষে স্থানীয় একটি পত্রিকাকে বললেন মিসবাহকে নিয়ে মুগ্ধতার কথা, ‘মিসবাহ দলটাকে গতিশীল করতে পেরেছে এবং দলের সবাইকে পাশে পেয়েছে...ও খুব ধীরস্থির, নীরবে নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যায়।’আজমলের অ্যাকশন নিয়ে ইংলিশ মিডিয়া প্রশ্ন তোলায় ইমরান মনে করিয়ে দিয়েছেন, এটা ইংলিশদের পুরোনো সংস্কৃতি, ‘ওদের বিপক্ষে যে-ই ভালো করে, তার বিপক্ষে উঠেপড়ে লাগার ঐতিহ্য ইংলিশদের আছে। অতীতে ওরা ওয়েস্ট ইন্ডিজের পেস ব্যাটারির পেছনে লেগেছিল, পরে ওয়াসিম-ওয়াকারের রিভার্স সুইংয়ের পেছনে, এখন বেচারা আজমল...। রিভার্স সুইং যখন ২০০৫ সালে ইংল্যান্ডকে অ্যাশেজ জেতাল তখন সেটা বৈধ ও গ্রহণযোগ্য হয়ে গেল, এর আগে ছিল না। ওদের উচিত আজমলকে বিরক্ত না করা ।’ ওয়েবসাইট।