মিসবাহদের আবুধাবি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় পেতে একটা রান নিলেই চলত। হাতে সময় এক দিনেরও বেশি। তাড়াহুড়োর প্রয়োজনই ছিল না! কিন্তু রবিন পিটারসনকে উড়িয়ে মাঠের বাইরে পাঠালেন মিসবাহ-উল-হক, ছক্কা। ‘খ্যাপাটে’ মিসবাহ এর মাধ্যমে কোনো বার্তা পাঠাতে চাইলেন?
পাঠাতে পারেনই। গত মাসে জিম্বাবুয়ের কাছে দ্বিতীয় টেস্টে হার এবং সিরিজ ড্র করার দায়ে মিসবাহকে একহাত নিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। অথচ জিম্বাবুয়েতে তাঁর ব্যাটই ছিল সবচেয়ে সফল। তার পরও যখন সমালোচনা, মিসবাহ সুযোগই হয়তো খুঁজছিলেন জবাব দেওয়ার। সেটি পেয়েও গেলেন।
দ্বিতীয় ইনিংসে ২৩২ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকা দিয়েছিল ৪০ রানের লক্ষ্য। ৭ রানে ৩ উইকেট হারালেও মিসবাহর ২৬ বলে ২৮ রান দ্রুতই পাকিস্তানকে নিয়ে গেছে লক্ষ্যে। দুই চার, দুই ছক্কা মেরে নিশ্চিত করেন আবুধাবি টেস্টে ৭ উইকেটের জয়। টেস্টে দক্ষিণ আফ্রিকা হারল প্রায় দুই বছর পর। প্রোটিয়ারা সর্বশেষ টেস্ট হেরেছিল ২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ১৫ টেস্টেই অপরাজিত দলের বিপক্ষে পাকিস্তানের এই জয় মিসবাহদের জন্য নতুন টনিকই।
তাঁর কথাবার্তায় সেটি প্রকাশও পেয়েছে। ম্যাচ শেষে বললেন, ‘এটা ছিল দলীয় প্রচেষ্টার ফসল। প্রত্যেকেই অবদান রেখেছে। বিশেষ করে তরুণেরা।’ দুই ওপেনার এবং বোলারদের কথা বারবারই এল মিসবাহর কথায়। সাঈদ আজমল, পেসার জুনাইদ খান এবং অভিষিক্ত স্পিনার জুলফিকার বাবরও প্রথম টেস্টেই প্রমাণ করেছেন নিজেকে। আমিরাতের কন্ডিশনও পাকিস্তানের জন্য সহায়ক হয়েছে বলেই মনে করেন মিসবাহ, ‘পরিবর্তিত কন্ডিশনই বড় প্রভাব ফেলেছে।’ জিম্বাবুয়ের হারের পর এমন একটা জয়ের প্রয়োজন ছিল, বলছেন মিসবাহ।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ আর কী বলবেন, উপমহাদেশের সহায়ক কন্ডিশনই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে বলে সান্ত্বনা খুঁজলেন। একই সঙ্গে নিজেদের দায়ও স্বীকার করেছেন স্মিথ, ‘এই কন্ডিশনে শেষ দিকে পাকিস্তান ভালো খেলেছে। আমাকে বলতেই হবে তারা আমাদের গুঁড়িয়ে দিয়েছে।’
বছর দুই আগে এই আমিরাতেই তখনকার এক নম্বর দল ইংল্যান্ডকে ৩-০-তে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকেও সেই লজ্জা দেওয়ার দিকে ১-০-তে এগিয়ে গেল মিসবাহর দল। দ্বিতীয় বা শেষ টেস্ট শুরু হবে ২৩ অক্টোবর দুবাইতে। তথ্যসূত্র ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২৪৯ ও ২৩২ (ডি ভিলিয়ার্স ৯০, পিটারসন ৪৭*; আজমল ৪/৭৪, জুনাইদ ৩/৫৭, বাবর ২/৫১)। পাকিস্তান: ৪৪২ ও ৪০/৩ (মিসবাহ ২৮*, ফিল্যান্ডার ২/১১, স্টেইন ১/৭)। ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: খুররম মনজুর।