ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই দেশ পিঠাপিঠি। দক্ষিণ আফ্রিকা পাঁচ, পাকিস্তান ছয়। রেটিং পয়েন্টও কাছাকাছি। দক্ষিণ আফ্রিকার ১০৫, পাকিস্তানের ১০১। কিন্তু র্যাঙ্কিংয়ের এই ‘প্রায় সমতা’ মুছে দিয়ে দুই দলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য তুলে ধরছে একটা তথ্য। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে কখনোই দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি পাকিস্তান।
শুধু দ্বিপক্ষীয় সিরিজ? দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছে এমন টুর্নামেন্ট বা দুইয়ের বেশি দেশের সিরিজ মিলিয়েই পাকিস্তান শিরোপা জিতেছে মাত্র দুবার—১৯৯২ বিশ্বকাপ এবং ২০০০ সালে একটা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। মিসবাহর দল পারবে অতীত মুছে নতুন ইতিহাস লিখতে?
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আজ শারজায়। তার আগে পাকিস্তান অধিনায়ক তাই ভুল করেও অতীতের দিকে তাকাচ্ছেন না। তবে মিসবাহকে ঠিকই আত্মবিশ্বাসী করে তুলছে একটা বিষয়—আরব আমিরাতের কন্ডিশন। সঙ্গে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সের ছবিটাও তুলে ধরলেন মিসবাহ, ‘গত তিন-চার বছর ধরে আমরা সত্যিই ওয়ানডেতে ভালো খেলছি। আর এই কন্ডিশন সব সময়ই পাকিস্তানের অনুকূল। কাজেই আমরা ভালো একটা সিরিজ খেলার দিকেই তাকিয়ে আছি।’
মিসবাহ ভুল বলেননি। পাকিস্তানিদের জন্য দেশের চেয়েও আরব আমিরাতের মাটি বেশি পয়মন্ত। পরিসংখ্যান সেটিই বলছে। ঘরের মাঠে ১৭৬টি ওয়ানডে খেলে পাকিস্তান জিতেছে ১০৮টি। সেখানে আমিরাতে ১৪২টি ওয়ানডে খেলে তাদের জয় ৯১ ম্যাচে (হার ৫০)! শারজা স্টেডিয়ামে ১১২ ম্যাচের ৭৬টিই জিতেছে পাকিস্তান, হেরেছে ৩৫টি ম্যাচ।
মিসবাহকে মনে রাখতে হচ্ছে এই তথ্যটাও, ২০১০ সালে এই আমিরাতেই পাঁচ ম্যাচ সিরিজ ৩-২-এ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এ বছরও দক্ষিণ আফ্রিকায় গিয়ে মিসবাহর দল ওই ৩-২তেই সিরিজ হেরে এসেছে। দক্ষিণ আফ্রিকাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে দুবাই টেস্টের জয়ও।
আবুধাবির প্রথম টেস্টের জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতার সম্ভাবনার দুয়ার খুলে ফেলেছিল পাকিস্তান। কিন্তু দুবাই টেস্টে ইনিংস ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ তো বাঁচিয়েছেই, ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিয়েছে ভালোভাবে। এটিকে পুঁজি করতে চাইছেন দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো, ‘আমি মনে করি, দ্বিতীয় টেস্টের জয় আমাদের আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। যদিও এটা (ওয়ানডে) পুরোপুরি ভিন্ন ফরম্যাটের ক্রিকেট। তবে আমরা একটু হলেও আত্মবিশ্বাসী থাকব।’
পাকিস্তানের জন্য স্বস্তির খবর, দক্ষিণ আফ্রিকাকে মাঠে নামতে হচ্ছে হাশিম আমলা ও ডেল স্টেইনকে ছাড়া। অনাগত সন্তানের জন্য আমলা চলে গেছেন দেশে। চোটের জন্য স্টেইনকে প্রথম দুই ম্যাচে দেওয়া হয়েছে বিশ্রাম। পাকিস্তান দলে অনেক পরিবর্তন। শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন নাসির জামশেদ, উমর আকমল, ওয়াহাব রিয়াজ। সাঈদ আজমলের সঙ্গে আবদুর রেহমান, আফ্রিদি, হাফিজ—প্রোটিয়াদের স্পিনে পুড়ে মারার রসদও তৈরি মিসবাহর হাতে। তবে পাকিস্তান অধিনায়কের সতর্ক উচ্চারণ, ‘দক্ষিণ আফ্রিকা স্পিন খুব ভালো খেলে। কাজেই ভালো করতে হলে আমাদের পুরো বোলিং আক্রমণই জ্বলে উঠতে হবে।’ তথ্যসূত্র: ক্রিকইনফো, এএফপি।