মিসবাহর অস্বস্তির দুই রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের নাম ‘বুম বুম’, আরেকজনের নাম ‘টুক টুক।’ নামের উৎস, ব্যাটিংয়ের ধরন। নামকরণের যৌক্তিকতা নিয়ে অবশ্য তর্ক হতে পারে দুজনের ক্ষেত্রেই। তবে শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল-হককে মেলানো যায় একটা জায়গায়। আফ্রিদির মতো কিছু একটা যেমন আর দেখেনি ক্রিকেট, তেমনি খানিকটা ঝুঁকি নিয়ে বলা যায়, মিসবাহর মতো কাউকেও দেখেনি আধুনিক ক্রিকেট!আফ্রিদির ব্যাপারটি আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। একটা শব্দে তাঁকে বোঝাতে গেলে সবচেয়ে উপযুক্ত সম্ভবত ‘খ্যাপাটে।’ মিসবাহকে তেমনি বলা যায় ক্রিকেটে স্থিতধী চরিত্রের সত্যিকার উদাহরণ। দুজনের ব্যাটিং নিয়েই কাটাছেঁড়া হয় প্রতিনিয়ত, কিন্তু দুজনের কেউই পাল্টাননি নিজের ধরন। গবেষণার বিষয় হতে পারে দুজনের মস্তিষ্কই!অদ্ভুত বৈপরীত্যও কখনো কখনো দুটি ভিন্ন চরিত্রকে মিলিয়ে দিতে পারে, এটা বোঝাতেই আসলে আফ্রিদিকে এখানে টানা। এমনিতে এই লেখার মুখ্য চরিত্র মিসবাহই। পাকিস্তান ক্রিকেটে বর্ণময় চরিত্র বা স্মরণীয় সব গল্পের অভাব নেই। কিন্তু পাকিস্তানি মানদণ্ডেও বিস্ময়কর মিসবাহ। পাকিস্তানি ক্রিকেটাররা যেখানে পড়াশোনার মতো তুচ্ছ ব্যাপার নিয়ে কমই মাথা ঘামান, সেখানে খেলতে খেলতেই এমবিএ শেষ করেছেন। তবে সত্যিকারের বিস্ময় তাঁর ক্যারিয়ার। ২০০৭ সালে যখন জাতীয় দলে ফিরলেন, বয়স ৩৩ ছাড়িয়েছে। পাকিস্তানের বাস্তবতায় যা বাতিলের তালিকায় ঢুকে যাওয়ার মতো। অথচ তখনই সূচনা মিসবাহর নতুন অধ্যায়ের। ৩৬ বছর বয়সে হলেন টেস্ট দলের অধিনায়ক, ৩৭ বছর বয়সে ওয়ানডের! মিসবাহর লড়াইটা তাই বরং অনেক কঠিন ছিল আফ্রিদির চেয়ে। শুধু দর্শক-সমালোচক নয়, মিসবাহকে লড়াই করতে হয়েছে বয়স আর সময়ের সঙ্গেও। প্রথমটি খুব একটা কঠিন ছিল না, বয়সকে পাত্তা না দিয়ে নিজেকে ‘সুপার ফিট’ রেখেছেন। কিন্তু সময়ের সঙ্গে লড়াইটা চলছে প্রতিনিয়ত। আধুনিক ক্রিকেটে ‘প্রস্তর যুগের’ ব্যাটিং দিয়েও প্রমাণ করে যেতে হয়েছে কার্যকারিতা। সমালোচনাগুলো একদম অযৌক্তিকও ছিল না সব সময়। মিসবাহর ব্যাটিং মাঝেমধ্যেই মনে করিয়ে দেয় তাঁর ‘গিয়ার’ মাত্র দুটি—কপিবুক ডিফেন্স আর বিশাল সব ছক্কা। ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেটে তো এর সঙ্গে চাই নিয়মিত ফাঁক খুঁজে পাওয়া, এক-দুই-চার বের করা। এই কাজটা ঠিকমতো না পারাতেই কি ওয়ানডে সেঞ্চুরি তাঁর কাছে এখনো সোনার হরিণ?সেঞ্চুরি না পেয়েই চলছে দিনের পর দিন। আর এই পথচলাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে সঙ্গী হলো দুটি রেকর্ড। যে রেকর্ড শুধু অস্বস্তিই বাড়াবে মিসবাহর—সেঞ্চুরি না-করাদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটি আর সবচেয়ে বেশি রান। ফিফটির রেকর্ডে নিউজিল্যান্ডের অ্যান্ড্রু জোন্সকে ছাড়িয়েছেন সিরিজের প্রথম ম্যাচেই। পরের তিন ম্যাচে আরও দুটি ফিফটিতে রেকর্ডটাকে নিয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। পরশু চতুর্থ ওয়ানডেতে ৫৩ রানের ইনিংসটার পথে হয়ে গেছে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি ওয়ানডে রানের রেকর্ডও। ছাড়িয়েছেন তাঁরই এক পূর্বসূরি ওয়াসিম আকরামকে। রানের তালিকার শীর্ষ পাঁচে অন্য চারটি নাম মিসবাহর অস্বস্তি আরেকটু বাড়িয়ে দেবে। কেউই যে নিখাদ ব্যাটসম্যান নন! আকরাম, স্ট্রিক, চিগুম্বুরা, মঈনরা ক্যারিয়ারের বেশির ভাগজুড়ে ব্যাট করেছেন লোয়ার-মিডল অর্ডারে। সেঞ্চুরি করার সুযোগ তেমন পেয়েছেন কোথায়! মিসবাহও অবশ্য ১১৩ ইনিংসের ৭৩টিতেই ব্যাট করেছেন পাঁচ-ছয় নম্বরে। তবে সেটিকে ঢাল বানানোর সুযোগ খুব বেশি নেই। ক্যারিয়ারে চারবার খেলেছেন ১০০ বলের বেশি, ৯০-এর বেশি আরও সাতবার। এর একটিতে তো অন্তত রানের তিন অঙ্ক ছোঁয়া উচিত ছিল!তবে সবকিছুর পরও সত্যি হলো, ধারাবাহিকতায় এই পাকিস্তান দলে আর কেউ তাঁর ধারেকাছেও নেই। কিন্তু ওই ‘টুক টুক’ নামটা তাঁর মনোবেদনার কারণ না হয়ে পারেই না। সঙ্গে অস্বস্তির এই দুটি রেকর্ড। তা থেকে মুক্তির পথ অবশ্য খুব সোজা—একটা ওয়ানডে সেঞ্চুরি। আলাদিনের প্রদীপ পেয়ে গেলে দৈত্যের কাছে এটাই হয়তো হবে মিসবাহর প্রথম চাওয়া! ওয়ানডে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান রান গড় সর্বোচ্চমিসবাহ-উল-হক (পাকিস্তান) ৩৭৫৬ ৪৪.১৮ ৯৬*ওয়াসিম আকরাম (পাকিস্তান) ৩৭১৭ ১৬.৫২ ৮৬মঈন খান (পাকিস্তান) ৩২৬৬ ২৩.০০ ৭২হিথ স্ট্রিক (জিম্বাবুয়ে) ২৯৪৩ ২৮.২৯ ৭৯*এলটন চিগুম্বুরা (জিম্বাবুয়ে) ২৮৩৭ ২৩.৬৪ ৭৯* সেঞ্চুরিবিহীন সবচেয়ে বেশি ফিফটি ইনিংস ফিফটিমিসবাহ-উল-হক (পাকিস্তান) ১১৩ ২৮অ্যান্ড্রু জোনস (নিউজিল্যান্ড) ৮৭ ২৫গ্রাহাম থর্প (ইংল্যান্ড) ৭৭ ২১কিম হিউজ (অস্ট্রেলিয়া) ৮৮ ১৭মাইকেল ভন (ইংল্যান্ড) ৮৩ ১৬মুদাসসর নজর (পাকিস্তান) ১১৫ ১৬