মিসবাহর আরেক অধ্যায়
৩৭তম জন্মদিনে শুরু হচ্ছে মিসবাহ-উল-হকের ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। গত অক্টোবরে টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে আজ যাত্রা শুরু হচ্ছে ওয়ানডে অধিনায়ক মিসবাহর। ২০০৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন। তবে সেটা শোয়েব মালিকের অনুপস্থিতিতে, ভারপ্রাপ্ত হিসেবে।পূর্ণকালীন ওয়ানডে অধিনায়কত্বের শুরুটা ‘কঠিন’ একটা সিরিজ দিয়েই হচ্ছে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই সিরিজটা কঠিন। জিতলে বাহবা খুব বেশি জুটবে না। কিন্তু হারলেই ধেয়ে আসবে সমালোচনা। সদ্য ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে খেলে আসা পাকিস্তানের জন্য উইকেট-আবহাওয়াও হবে বড় একটা চ্যালেঞ্জ। দুটো ম্যাচই হবে স্টরমন্টের সিমিং উইকেটে। আইরিশ কোচ ফিল সিমন্স নাকি কিউরেটরকে বলে দিয়েছেন, গত বছরের বাংলাদেশ সিরিজের মতো উইকেট বানাতে, যাতে বিন্দুমাত্র টার্ন না থাকে। বাংলাদেশের বিপক্ষে ১-১-এ সিরিজ ড্র করেছিল আয়ারল্যান্ড।পাকিস্তানের আয়ারল্যান্ড-অভিজ্ঞতা এমনিতেও খুব সুখকর নয়। ২০০৭ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই বিশ্ব ক্রিকেটে নিজেদের আগমনী বার্তা শুনিয়েছিল আইরিশরা। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ওই একবারই, পাকিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের সাফল্য তাই শতভাগ! নিয়াল ও’ব্রায়েন ও জর্জ ডকরেলকে অবশ্য এই সিরিজে পাচ্ছে না আয়ারল্যান্ড। পাকিস্তান দলে নেই শহীদ আফ্রিদি। কারণ দেখিয়েছেন, অসুস্থ বাবার পাশে থাকা। তবে অনেকেরই ধারণা, মূল কারণ অধিনায়কত্ব হারানোর ক্ষোভ। সিরিজের শেষ ম্যাচ আগামী পরশু। ওয়েবসাইট।