মিসবাহর কণ্ঠে বোলিংয়ের জয়গান
শহীদ আফ্রিদির বলটা মিড উইকেটে ঠেলে দিয়েই প্রান্ত বদলালেন মাহেলা জয়াবর্ধনে। সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার ড্রেসিংরুম থেকে করতালি দিয়ে অভিনন্দন জানালেন সতীর্থরা। এই রানই যে ইতিহাসের নবম এবং শ্রীলঙ্কার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জয়াবর্ধনেকে নিয়ে গেছে ওয়ানডের ১০ হাজারি রান ক্লাবে। ব্যক্তিগত ১৩ রানে দাঁড়িয়ে মাহেলাও ব্যাট উঁচিয়ে অভিনন্দনের জবাব দিলেন, কিন্তু তাতে বাড়তি উচ্ছ্বাস থাকল না। ১০ হাজারি ক্লাবে ঢুকলেও তাঁর ১৭ রান যে দলকে জয়ের রাস্তা দেখাতে পারেনি! জয়ের আশা জাগিয়েও শ্রীলঙ্কা ম্যাচ হেরেছে ২১ রানে। ২৫৭ রানের জবাবে ৭ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা ২৩৬ রানে অলআউট। সিরিজে ২-১-এ এগিয়ে গেল পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৬ ম্যাচে পাকিস্তানের এটি ৪৪তম জয়, সংযুক্ত আরব আমিরাতে ৮৬তম।ভিন দেশে ‘স্বাগতিক’ পাকিস্তানকে জিতিয়েছেন বোলাররা। বিশেষ করে দুই স্পিনার সাঈদ আজমল ও আফ্রিদি এবং পেসার উমর গুল। শেষ দিকে গুল ছিলেন দুর্দান্ত। নিজের নবম এবং ইনিংসের ৪৯তম ওভারে শ্রীলঙ্কার শেষ দুটি উইকেট নিয়ে সব উত্তেজনায় জল ঢেলেছেন তিনিই।অবশ্য হারা ম্যাচের ময়নাতদন্তে ধরা পড়ছে ব্যাটিং পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার রান তোলার ব্যর্থতা। মাত্র পাঁচ দিনের ব্যবধানে নিজেদের ইনিংসের ওই ৫ ওভার তিলকারত্নে দিলশানের দলকে দেখাল মুদ্রার উল্টো পিঠ। আগের ম্যাচে শ্রীলঙ্কা ব্যাটিং পাওয়ার প্লেতে তুলেছিল বিনা উইকেটে ৪৮ রান। সেই তারাই পরশু রাতে বড় দুটি উইকেট হারিয়ে তুলল ১৯ রান! দুই দলের অধিনায়কই অবশ্য মাচের টার্নিং পয়েন্ট বলছেন সাঙ্গাকারার রানআউটকে। পাকিস্তানের অধিনায়ক মিসবাহর কথা, ‘শেষ ওভারগুলোয় আমরা ভালো বল করেছি। কিন্তু সাঙ্গাকারার রানআউটটাই ছিল টার্নিং পয়েন্ট। কারণ এর আগে তারা ভালো জায়গায় ছিল, জয়ের পথেই ছিল।’ দিলশান কাঠগড়ায় তুলেছেন নিজেকেও, ‘সাঙ্গাকারার রানআউটটাই টার্নিং পয়েন্ট এবং আমি বাজে বলে আউট হয়েছি।’ইনিংসের সর্বোচ্চ ৬৪ রান করা দিলশান ও সাঙ্গাকারা (৪৫) ফিরে যান আগেই। শ্রীলঙ্কার শেষ ভরসা অ্যাঞ্জেলো ম্যাথুস (৩২*) যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। ম্যাচসেরা হয়েছেন হাফিজ। ওয়েবসাইট।