মিসবাহর কণ্ঠে সতীর্থদের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটা যেন নিয়মে দাঁড়িয়ে গেছে। পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য নিয়ে যেকোনো কথায় অবধারিতভাবে চলে আসবেন মিসবাহ-উল-হক। সর্বশেষ অধিনায়ক শহীদ আফ্রিদি থেকে তরুণ আসাদ শফিক, কোচ-নির্বাচক মহসিন খান থেকে সাবেক অধিনায়ক রমিজ রাজা, ওয়াসিম আকরাম—সবার কণ্ঠেই মিসবাহ স্তুতি। আর মিসবাহর কণ্ঠে?সিরিজজুড়ে অসংখ্যবার উঠেছে তাঁর অধিনায়কত্বের প্রসঙ্গ, কাল সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে উঠল কয়েকবার। কিন্তু মিসবাহও কোনোভাবেই নিজেকে নিয়ে একটি কথাও বললেন না। সাফল্যের কৃতিত্ব প্রতিবারই দিলেন সতীর্থদের, ‘দল ভালো করলে অধিনায়কসহ দলের সবারই কৃতিত্ব পাওয়া উচিত। দলের সবার পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের অন্যরা পারফর্ম না করলে অধিনায়কের কিছুই করার থাকে না। এ জন্যই কৃতিত্ব দলের সবার। সবাই নিজেদের কাজটা ঠিকঠাক করছে বলেই দল জিতছে।’ট্যাকটিকসের কথা ভাবলে তাঁর চেয়ে ভালো অধিনায়ক হয়তো অনেক পাওয়া যাবে। তাঁর রণপরিকল্পনায় খুঁতও ধরা যাবে, দর্শনে একটু রক্ষণাত্মকও। কিন্তু তাঁর চেয়ে কার্যকর অধিনায়ক পাকিস্তানের ইতিহাসে মনে হয় খুব একটা পাওয়া যাবে না। সাফল্যেই সবচেয়ে বড় প্রমাণ। এ বছর ৯ টেস্টের ৫টিই জিতল পাকিস্তান। এক বছরে এর চেয়ে বেশি টেস্ট জিতেছে তারা মাত্র দুবার, ৭টি করে জিতেছিল ১৯৮২ ও ২০০২ সালে। এ বছর আর একটিই মাত্র টেস্ট বাকি, ওই দুই বছরের টেস্ট জয়ের সংখ্যাকে তাই ছোঁয়া যাবে না। তবে জয়-পরাজয়ের হারে এই বছরকে পাকিস্তানের টেস্ট ইতিহাসের সবচেয়ে সেরা বছর করার সুযোগ এখনো আছে। চট্টগ্রামের জয়ে এ বছর পাকিস্তানের জয়-পরাজয়ের হার ৫.০০। ১৯৯৪ ও ২০০৪ সালেও জয়-পরাজয়ের হার ছিল ৫.০০। ঢাকা টেস্ট জিতলে হারটা বেড়ে দাঁড়াবে আরও। বাংলাদেশ অবিশ্বাস্য কিছু ঘটিয়ে না ফেললে এটিই হবে টেস্টে পাকিস্তানের সবচেয়ে সাফল্যমণ্ডিত বছর।এখন মাঠে পাকিস্তানের শরীরী ভাষাই বলে দেয়, এই দলটা আত্মবিশ্বাসে টইটম্বুর। মিসবাহ জানালেন, ভালো পারফরম্যান্স আর আত্মবিশ্বাস পরস্পরের পরিপূরক, ‘আত্মবিশ্বাস বেড়ে যায় পারফরম্যান্স ভালো হলে, আর আত্মবিশ্বাস বাড়তে থাকলে পারফরম্যান্সও ভালো হতে থাকে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজটা ছিল আমাদের জন্য বড় একটা পরীক্ষা। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের সঙ্গে সিরিজ ড্র করার পর আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। পরবর্তী সিরিজগুলোয় ছিল সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন।’দায়িত্ব পেয়েছিলেন সম্ভবত পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও সংকটময় মুহূর্তে। ইংল্যান্ডে মাঠের ভেতর-বাইরে চূড়ান্ত অপদস্থ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয়েছিল পাকিস্তান ক্রিকেটে ‘মিসবাহ যুগের’। ওই সিরিজের দারুণ পারফরম্যান্সেই আত্মবিশ্বাসের পারদ হয় ঊর্ধ্বমুখী। খাদের কিনারায় থাকা সেই দলটিই এখন এ বছর ওয়ানডেতে সফলতম আর টেস্টে দ্বিতীয় সফলতম দল। চট্টগ্রাম টেস্টের ম্যাচসেরা ইউনুস খান তো এর শতভাগ কৃতিত্ব দিলেন মিসবাহকে। মিসবাহ নিজে যথারীতি কৃতজ্ঞ সতীর্থদের কাছে, ‘মাঠের বাইরের সব ঘটনা, বিতর্ক ছেলেদের মানসিকভাবে আরও শক্ত করেছে। সবাই প্রমাণ করতে চেয়েছে যে দলটা ভালো ক্রিকেট খেলতে পারে।’এই পাকিস্তানের কত কিছুই না এখন অন্য রকম। পাকিস্তান দলকে এমন সুখী পরিবারের মতো আর কবে মনে হয়েছে!