মিসবাহর কাছে জয়ই আসল
বাংলাদেশ সিরিজেও প্রশ্নটি বারবার উঠেছে। বিরক্ত মিসবাহ-উল-হক সিরিজ শেষে বলেছিলেন, ‘মানুষের উচিত রেকর্ডের দিকে তাকানো।’ জয়-পরাজয়ের হারে বিদায়ী বছরটা ছিল পাকিস্তানের ইতিহাস-সেরা বছর। কিন্তু সমালোচকদের দৃষ্টি পাকিস্তানিদের অতিসাবধানী ব্যাটিংয়ের দিকে। মিসবাহ অবশ্য সমালোচনায় একটুও টলছেন না। পাকিস্তান অধিনায়কের যুক্তি, আক্রমণাত্মক খেলে হারার চেয়ে রক্ষণাত্মক খেলে জেতা অনেক ভালো। ওভারপ্রতি রানরেটে বিদায়ী বছরে পাকিস্তানের (২.৮৮) নিচে আছে কেবল জিম্বাবুয়ে (২.৮১)। তবে রানরেট নয়, মিসবাহ তাকাতে বলছেন ১০ টেস্টে ৬ জয়ের রেকর্ডের দিকে, ‘ক্রিকেটে এখন সমন্বিত ধরনের খেলা উচিত। আক্রমণাত্মক খেলতে গিয়ে হেরে যাওয়ার চেয়ে রক্ষণাত্মক খেলে জেতা ভালো। আর সবকিছুই আসলে নির্ভর করছে পরিস্থিতির ওপর। খেলতে হবে পরিস্থিতির দাবি অনুযায়ী।’১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের আগে লাহোরে চার দিনের অনুশীলন ক্যাম্প করেছে পাকিস্তান দল। ক্যাম্পে বোলিং আর ফিল্ডিংয়ের ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। চোট থেকে ফেরা বাঁহাতি পেসার জুনাইদ খান পুরোদমে বোলিং করেছেন নেটে। আলাদা করে নিবিড় ব্যাটিং অনুশীলন করেছেন দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও ইমরান ফারহাত ও দুই তরুণ আসাদ শফিক ও উমর আকমল। আজই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা মিসবাহদের। বিদায়ী বছরটা অসাধারণ কাটলেও পাকিস্তানের সত্যিকার পরীক্ষাটা হবে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে। মিসবাহ অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না মোটেও, ‘আমার ক্রিকেট দর্শন খুব সাধারণ—মাঠে গিয়ে পারফরম্যান্সে মনোযোগী হও এবং ঢেলে দাও শতভাগ। প্রতিপক্ষকে ভুলে যেতে হবে, নিজের কাজটা স্রেফ করে যেতে হবে। নিজেরা সব ঠিকঠাক করতে পারলে ফলাফলও পক্ষে আসবে।’দুবাই-আবুধাবির কন্ডিশন ও উইকেটে পাকিস্তান বাড়তি সুবিধা পাবে বলে ধারণা অনেকের। তবে মিসবাহ মনে করছেন, ব্যাপারটা এত সহজ নয়, ‘আরব আমিরাতের কন্ডিশনের দিকে যদি তাকান, খেয়াল করে দেখবেন এখানে উইকেট নেওয়া কঠিন, আবার বল ব্যাটে আসে না বলে রান করাও কঠিন। দুই দলের জন্যই কাজটা হবে চ্যালেঞ্জিং, দুই বিভাগেই অনেক পরিশ্রম করতে হবে। ইংল্যান্ড আপাদমস্তক পেশাদার দল। ব্যাটে-বলে নিজেদের উজাড় করে দিতে হবে।’সিরিজে ডিআরএস থাকছে বলে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক, ‘আমি সব সময়ই বলে এসেছি এটা দুই দলকেই সাহায্য করে, কারণ আম্পায়াররাও মানুষ, তাঁরা ভুল করতেই পারেন। আম্পায়ারের ভুল শুধরে নেওয়ার জন্য ব্যাটসম্যান-বোলার দুই পক্ষেরই ভালো সুযোগ থাকে এতে। আমি সব সময়ই অসাধারণ এই উদ্ভাবনের পক্ষে। অবশ্যই এটার কার্যকারিতা আরও নিখুঁত হলে ভালো হয়, কিন্তু এখন যা আছে সেটাও যথেষ্ট কার্যকর।’ ওয়েবসাইট।