মিসবাহর কাছে সিরিজ জয়ই বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হার। জয় দিয়ে সিরিজ শেষ করতে না পারার হতাশা আছেই। তবে মিসবাহ-উল-হক সিরিজ জয়টাকেই দেখছেন বড় করে। দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতার (২-১) পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২-এ জয়। পরশু ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক এই দুটি সিরিজ জয়কে ‘বিশেষ অর্জন’ বললেন, ‘এটা ছিল আমাদের জন্য কঠিন একটা বছর। তবে আমরা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ জিতেছি। এটা বিশেষ কিছু।’ মিসবাহর দাবি, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টা দলকে মানসিকভাবে চাঙা করেছে, ‘শুক্রবারের ম্যাচটাও আমাদের হাতের মুঠোয় ছিল। দুর্বল ফিল্ডিংয়েই তা হাতছাড়া হয়ে গেছে।’

শেষ তিন ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৭ রান। ওই সময় সাঈদ আজমলের বলে মাকসুদ অজন্তা মেন্ডিসের ক্যাচ না ফেললে ফল অন্য রকম হতেই পারত। শ্রীলঙ্কাকে ২ উইকেটে জেতাতে মেন্ডিস করেছেন ১৪ বলে ১৯ রান। অপরাজিত ৬৪ রান করে ম্যাচসেরা দিনেশ চান্ডিমাল। এএফপি।