মিসবাহর কাঠগড়ায় আবহাওয়া
মাত্র ১৬৭ রানের পুঁজি নিয়ে ধবলধোলাই এড়ানোর আশা আসলে ভারত করতে পারেনি। সতীর্থদের বাস্তবতাই বুঝিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাঝবিরতিতে ভারত অধিনায়ক ড্রেসিং রুমে বলেছিলেন, পুঁজি যথেষ্ট নয়, কিন্তু লড়াই করেই দেখা যাক না! ‘হারানোর কিছু নেই’ মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েই দারুণ এক জয় ছিনিয়ে নিল ভারত। শেষ ওয়ানডে জিতে মান বাঁচিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সিরিজ জিতলেও বাগে পেয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ধবলধোলাই করতে না পারার আফসোস মিসবাহ্-উল-হকের কণ্ঠে। পাকিস্তান অধিনায়কের কাঠগড়ায় দিল্লির আবহাওয়া!ম্যাচ শুরুর সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১। বিকেল হতে হতে তা নেমেছে। সন্ধ্যার পর তো তাপমাত্রা দাঁড়াল ১.৯ ডিগ্রিতে! চারপাশ কুয়াশায় ঢাকা, কন্ডিশন তখন বোলিং উপযোগী। মিসবাহর দাবি, এ জন্যই পেরে ওঠেনি পাকিস্তান, ‘আবহাওয়াই মূল পার্থক্য গড়ে দিয়েছে। কুয়াশায় চারপাশ ছেয়ে যাওয়ায় টিকে থাকাই মুশকিল ছিল। উইকেট ব্যাটিং উপযোগীই ছিল, কিন্তু তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে উইকেটের আচরণও বদলে গেছে। ভাবতেও পারিনি উইকেট এতটা আর্দ্র হয়ে যাবে। আবহাওয়াই মূল ভূমিকা পালন করেছে।’ম্যাচের আগে কিন্তু আবহাওয়া নিয়ে মিসবাহ খুব একটা উদ্বিগ্ন ছিলেন না। টসের সময় বলেছিলেন, ‘এমন কন্ডিশন পাকিস্তানের অচেনা নয়। বছরের এই সময়টায় দিল্লির আবহাওয়া লাহোরের মতোনই।’ কিন্তু ম্যাচের পর বদলে গেছে সুর। এত কুয়াশা ও ঠান্ডা নাকি ভাবতেও পারেননি পাকিস্তান অধিনায়ক, ‘প্রচণ্ড ঠান্ডা ছিল। দেশে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও ভারত সিরিজের প্রস্তুতির সময় এমন কন্ডিশনে আমরা খেলেছি। কিন্তু উপমহাদেশে এমন কন্ডিশনে আন্তর্জাতিক ম্যাচ কখনো খেলিনি।’ তবে কন্ডিশন শুধু পক্ষে থাকলেই তো হয় না, কাজেও লাগাতে হয়। মিসবাহ সেই কৃতিত্বটা দিয়েছেন প্রতিপক্ষ বোলারদের, ‘ভারতকে ধবলধোলাই করার সুযোগ হাতছাড়া করেছি আমরা। ভারতীয় বোলাররা কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে। ফিল্ডিংও ছিল দুর্দান্ত, ৩০-৩৫ রান বাঁচিয়েছে ওরা।’ফিল্ডিং নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ধোনিও। ব্যাট হাতে ৩ ছক্কায় ৩৬ রান আর অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের জন্য ম্যাচ-সেরা তিনি। কিন্তু ধোনির ‘ম্যান অব দ্য ম্যাচ’ দলের সব ফিল্ডার, ‘১৬০ রান যথেষ্ট ছিল না। কিন্তু আমি দলকে বলেছিলাম, ‘‘ঠিক আছে, ১৬০ যথেষ্ট নয়, কিন্তু আমাদের লড়াই করতে হবে।’’ ভুবি (ভুবনেশ্বর) দারুণ শুরু এনে দিয়েছে, ইশান্ত ভালো বোলিং করেছে। জাদেজা-অশ্বিন পরস্পরকে সমর্থন দিয়ে গেছে। তবে আমার ম্যান অব দ্য ম্যাচ ফিল্ডাররা। সবাই দুর্দান্ত ফিল্ডিং করেছে।’কঠিন এই সিরিজ শেষে নিঃশ্বাস ফেলার ফুরসত পাচ্ছে না ধোনিবাহিনী। ১১ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ। ওয়েবসাইট।