
জয় দলকে এতটা বদলে দেয়! প্রথম দুই ম্যাচ হারের পর যে পাকিস্তানকে মনে হচ্ছিল জবুথবু, পরপর চার জয়ে সেই পাকিস্তানই এখন হুংকার দিচ্ছে। আয়ারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মিসবাহদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নকআউট পর্বে সবাই স্বাগতিকদের এগিয়ে রাখতে চায়। কিন্তু সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়কের কথায় ছড়িয়ে থাকল উত্তুঙ্গ আত্মবিশ্বাস, অস্ট্রেলিয়ার ম্যাচ ছাপিয়ে শিরোপায় চোখ এখন পাকিস্তানের!
কাল মিসবাহ-উল-হক আত্মবিশ্বাসী সুরেই বলে দিলেন, ‘অবশ্যই আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারব। ওয়ানডেতে যেকোনো কিছুই হতে পারে, কেউই নিশ্চিত করে বলতে পারে না জয় পাবে। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে খেলবে, তারা কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত। দর্শক সমর্থনও পাবে বেশি। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারবেন না কী হবে। একটা ভালো স্পেল বা একটা ভালো ইনিসংই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয় সব দলকেই হারানো সম্ভব, বিশেষ করে ওয়ানডেতে।’
একটা বাড়তি সুবিধা অবশ্য পাচ্ছে পাকিস্তান, কাল আয়ারল্যান্ডকে যেখানে হারিয়েছে তারা গ্রুপের শেষ ম্যাচে, কোয়ার্টার ফাইনালের ভেন্যুও সেই অ্যাডিলেড। এখানেই আবার ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। আগের দুই ম্যাচ খেলার অভিজ্ঞতা থেকেই মিসবাহ বলছেন, ‘অস্ট্রেলিয়া যদি অ্যাডিলেড ওভালকে ভালোভাবে চেনে, তাহলে আমরাও জানি এখানে কী করতে হবে।’ সবকিছু মিলিয়ে তাই স্বাগতিকদের ওপরই চাপ দেখছেন পাকিস্তান অধিনায়ক, ‘দেখুন, তারা এখন ফেবারিট, কিন্তু সব চাপ ওদের ওপরই। আমাদের হারানোর কিছু নেই।’ এমনকি ও ম্যাচে চাপটা আয়ারল্যান্ডের ম্যাচের চেয়েও কম বলে দাবি তাঁর। সপক্ষে অবশ্য একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘পরের পর্বে যেতে হলে আমাদের জয় পেতেই হতো। আমরা সহযোগী দেশগুলোর সঙ্গে জিতেছি, জয় ছাড়া অন্য কিছুর বিকল্প ছিল না।’
আত্মবিশ্বাসী মিসবাহ এখন শিরোপারই স্বপ্ন দেখছেন, ‘অবশ্যই আমরা বিশ্বকাপ জিততে পারি। এখন আমরা ছন্দে আছি। বোলিং ভালো হচ্ছে, ব্যাটসম্যানরাও নিজেদের কাজটা ঠিকঠাক করা শুরু করেছে।’ এএফপি।