মিসবাহর জায়গা দেখেন না ইউসুফ
আনুষ্ঠানিক অবসর না নিলেও মোহাম্মদ ইউসুফের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বেশ আগেই। সাবেক অধিনায়ক এখন পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে নিয়মিত মুখ, বিশেষজ্ঞ মতামত দেন। সুযোগ পেলেই একহাত নেন মিসবাহ-উল-হককে। এখন পাকিস্তান ক্রিকেটে যখন আরেক দফা পালাবদল, ইউসুফ বলছেন দলেই জায়গাই হয় না মিসবাহর।
নতুন কোচ ওয়াকার ইউনিস এবং প্রধান নির্বাচক ও ম্যানেজার মঈন খানকে সম্প্রতি অনেক ক্ষমতা দিয়েছে পিসিবি। ইউসুফের মতে, নিজের স্বার্থেই অধিনায়ক এটা সহ্য করে যাবেন, ‘আমার মনে হয় না ওয়াকার ও মঈনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, মিসবাহ সেটার প্রতিবাদ করবে। কারণ নিজের ক্যারিয়ার লম্বা করতে ওরা যা বলবে, মিসবাহ সবই শুনবে। কিন্তু সত্ ভাবে দল নির্বাচন করলে ওয়ানডে দলে মিসবাহর জায়গাই হয় না। অধিনায়ক করা উচিত শহীদ আফ্রিদির মতো একজনকে, যে মাঠে অনেক সক্রিয়।’ সাবেক সতীর্থ ইনজামাম-উল-হককে ব্যাটিং কোচ হিসেবেও দেখতে চান ইউসুফ। ওয়েবসাইট।