মিসবাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন গাভাস্কারের
ওয়ানডে ক্রিকেটে মিসবাহ-উল-হকের অধিনায়কত্ব নিয়ে পিসিবির নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করেন সুনীল গাভাস্কার। মিসবাহর নেতৃত্ব নিয়ে গাভাস্কারের প্রশ্ন তোলার প্রেক্ষাপট, ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ। ওই ম্যাচে মাত্র ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে হেসেখেলেই জয় পাওয়ার অবস্থায় ছিল পাকিস্তান। কিন্তু শেষের দিকে একের পর এক উইকেট হারানোর খেসারত দিয়ে ১০ রানে হেরে যায় পাকিস্তান। গাভাস্কারের মত, এ অবস্থায় অধিনায়কত্ব নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে পিসিবিকে।‘অনেকে হয়তো মনে করেছিল, অভিজ্ঞ মিসবাহ-উল-হক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু ব্যাখ্যাতীতভাবে সে নিজেও খোলসের মধ্যে ঢুকে পড়ে।’ গালফ নিউজে লেখা কলামে বলেন গাভাস্কার।গাভাস্কারের অভিযোগ, মিসবাহর ব্যাটিংয়ের ধরনে খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে। দুই বছর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালেও তাঁর ভুলের মাশুল দিতে হয়েছিল দলকে।গাভাস্কার বলেন, ‘পাকিস্তান ২-১-এ ওয়ানডে সিরিজ জিতেছে ঠিক, কিন্তু জয়ের ধারাটা অব্যাহত থাকলে দলে মিসবাহর অবস্থান নিয়ে গুরুতর কিছু ভাবার প্রয়োজন হতো না।’পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মিসবাহ। টি-টোয়েন্টির অধিনায়কত্ব মোহাম্মদ হাফিজের কাঁধে। গাভাস্কারের পরামর্শ, টি-টোয়েন্টির মতো ওয়ানডের নেতৃত্বও হাফিজকে দেওয়া যেতে পারে। ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান বলেন, ‘নেতা হিসেবে হাফিজকে ভালো লাগছে। সে যেভাবে ব্যাটিং ও বোলিং করে, অসাধারণ সব ক্যাচ নেয়, সোনালি অতীতে ফিরে যেতে হাফিজের মতো একজনের নেতৃত্বই দরকার পাকিস্তানের। বিশ্বকাপ মাত্র দুই বছর দূরে। ভারত ও পাকিস্তানের উচিত ওই প্রতিযোগিতাকে ঘিরেই নিজেদের প্রস্তুত করা।’ সূত্র: ডন।