মিসবাহর প্রার্থনা ভালো ফিল্ডিং
মিসবাহ-উল হক অধিনায়ক হওয়ার পর টেস্টে সিরিজ হারেনি পাকিস্তান। শ্রীলঙ্কার যেটি ঠিক উল্টো। গত মে মাসে তিলকরত্নে দিলশান অধিনায়ক হওয়ার পর টেস্টে জয় দেখেনি শ্রীলঙ্কা!সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আজ থেকে শুরু দুই দলের দ্বিতীয় টেস্টে অধরা ওই জয়টাই চাইবেন দিলশান। চাইবেন মিসবাহও। তবে জয়ের আগে সতীর্থদের কাছে পাকিস্তান অধিনায়ক বাড়তি যেটি চান, সেটি ভালো ফিল্ডিং। আবুধাবিতে প্রথম ম্যাচটা যে মুঠো গলে বেরিয়ে গেল, সেটা তো বাজে ফিল্ডিংয়ের কারণেই। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৯৭ রানে শেষ করে ৩১৪ রানে এগিয়ে ইনিংস ঘোষণা করা—এমন অবস্থানে থেকেও পাকিস্তানকে ড্র মানতে হয়েছে গোটা সাতেক ক্যাচ পড়ায়। থিরিমান্নে এবং ডাবল সেঞ্চুরি করা সাঙ্গাকারা ‘জীবন’ পেয়েছেন পাঁচবার। থিরিমান্নে ৬৮ রানে আউট হলেও সাঙ্গাকারা ২১১ রান করে বুঝিয়ে দেন, তাঁর উইকেটের মূল্যটা! এই সাঙ্গাকারার সঙ্গে প্রসন্ন জয়াবর্ধনের (১২০) ষষ্ঠ উইকেটে ২০১ রানে জুটিই বাঁচিয়ে দেয় শ্রীলঙ্কাকে। আরেকটি টেস্ট শুরুর আগে তাই দলের কাছে ভালো ফিল্ডিং চাইছেন মিসবাহ। ‘স্লিপ ক্যাচিং হলো ব্যাটিংয়ের মতোই আত্মবিশ্বাসের ব্যাপার। সামনের দিকে তাকিয়ে কঠোর পরিশ্রম করছি। গত ম্যাচের ফিল্ডিংয়ের কথা ভুলে জয়ের জন্যই খেলব আমরা’—ফিল্ডিং নিয়ে বাড়তি অনুশীলনের কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক।দ্বিতীয় টেস্টে পরিবর্তন আসতে পারে দুদলেই। প্রথম টেস্টে মাত্র দুটি উইকেট পাওয়া আইজাজ চিমার জায়গায় খেলতে পারেন বাঁহাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। আর শ্রীলঙ্কা দুই সিমার নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমলকে সরিয়ে খেলাতে পারে অফস্পিনার সুরাজ রণদিভকে। এএফপি।