মিসবাহর ‘মানসিক নির্যাতন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হয়ে খেলার চেয়ে বড় গৌরব আর হয় না। কিন্তু দলটার নাম যদি হয় পাকিস্তান? গর্ব তো আছেই। বিতর্কের সঙ্গে নিত্য বসবাস বলে সঙ্গে আছে অনেক ‘উপরি পাওনাও।’ গত কয়েক বছরে এমন অভিজ্ঞতা অনেক হয়েছে মিসবাহ-উল হকের। সে থেকেই পাকিস্তান অধিনায়কের উপলব্ধি, পাকিস্তানের হয়ে খেলা এক ধরনের মানসিক নির্যাতন!বিতর্কের সঙ্গে পাকিস্তানের গাঁটছড়া অনেক পুরোনো। কিন্তু গত দেড় বছরে যেন নিজেদেরও ছাড়িয়ে গেছে দেশটি। ২০১০ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফর থেকে সর্বশেষ পিসিবিকে দানিশ কানেরিয়ার কোর্টে নেওয়া—বিতর্কের মিছিল চলছেই।ব্যাটিংয়ের মতো ব্যক্তিগত চরিত্রেও স্থিতধী মিসবাহ নিজেকে স্রোতের বাইরে রাখতে পেরেছেন। তবে জিও স্পোর্টস-এর সঙ্গে সাক্ষাৎকারে উগরে দিয়েছেন মনের সব আক্ষেপ, ‘এত কিছুর মধ্য দিয়ে যাওয়া একটা মানসিক নির্যাতন এবং তা পারফরম্যান্সেও প্রভাব ফেলে। এসব আমাদের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। লোকে এসব নিয়ে কথা বলে। অনেক সময় রাস্তাঘাটে লোকজন নানা মন্তব্য ছুড়ে দেয়, দেশে-বিদেশে বিদ্রূপ করে। এসব খুব কষ্ট দেয়।’ এত কিছুর পরও পাকিস্তান যেভাবে পারফর্ম করছে, তাতেই বিস্মিত পাকিস্তান অধিনায়ক।সবগুলোর হয়তো নয়, তবে কিছু সমস্যা সমাধানের একটা উপায় ভেবেছেন মিসবাহ, ‘যোগ্য নেতৃত্বে একটা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পাকিস্তান ক্রিকেটের জন্য অনেক কিছু করতে পারে। এতে খেলোয়াড়, বোর্ড ও ম্যানেজমেন্টের মধ্যে যোগাযোগ আরও ভালো হতে পারে। স্পর্শকাতর বিষয়গুলোতে ক্রিকেটারদের শিক্ষা ও নির্দেশনাও দিতে পারে এটি। পাকিস্তান ক্রিকেটে বিতর্ক ও কেলেঙ্কারি অনেক কমাতে পারে।’ ওয়েবসাইট।টেস্ট অধিনায়ক তো ছিলেনই, ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন ৩৭তম জন্মদিনে। পারফরম্যান্স দুর্দান্ত, তবু বয়সের কারণে ভবিষ্যৎ নিয়ে অনেকের মনেই প্রশ্ন। তাদের জন্য মিসবাহর জবাব, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমি মানসিকভাবে উপযুক্ত। যত দিন পারফর্ম করছি, খেলে যাব। বয়স আমার জন্য সমস্যা নয়। আমি মনে করি, একজন ক্রিকেটার পরিণত হয় তিরিশের পর। সৌভাগ্যবশত আমার সেটাই হয়েছে।’